Friday, July 3, 2026
spot_img
Homeএই মুহুর্তেদেশে ভুল চিকিৎসা প্রমাণিত হওয়ায় চিকিৎসকের নিবন্ধন স্থগিত

দেশে ভুল চিকিৎসা প্রমাণিত হওয়ায় চিকিৎসকের নিবন্ধন স্থগিত

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হেলথ সার্ভিসেস অ্যান্ড রিচার্স সেন্টার লিমিটেডের চিকিৎসক অধ্যাপক ডা. আলী জাহীর আল আমীনের নিবন্ধন এক বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। ভুল চিকিৎসা ও রোগীর প্রতি অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ শাস্তি দেওয়া হয়েছে।

ডা. আলী জাহীর আল আমীনের বিএমডিসির নিবন্ধন নম্বর এ১২৬৮৮। তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

আজ শনিবার বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ১১ মার্চ ইমপালস হাসপাতালের তেজগাঁও সেন্টারে কানের অস্ত্রোপচারের জন্য ভর্তি হন মোমেনা হক মুন নামে এক নারী। ৩৮ বছর বয়সী ওই নারীর সমস্যা ছিল বাম কানে। কিন্তু ভুলে ডান কানের অস্ত্রোপচার করেন অধ্যাপক আলী জাহীর। এতে করে রোগীর মুখের আকৃতি বাঁকা হয়ে যায়। কিন্তু রোগীর স্বজনকে মিথ্যা তথ্য দেন তিনি।

পরে বিএমডিসি বরাবর ভুল চিকিৎসার অভিযোগ করেন রোগীর স্বামী জিয়াউর রহমান ভূঁইয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আড়াই বছরের বেশি সময় তদন্ত করে ঘটনার সত্যতা পায় বিএমডিসি। একই সঙ্গে আলী জাহীরের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়।

গত ৩১ অক্টোবর ভুল চিকিৎসার অভিযোগের বিষয়ে বিএমডিসির কাছে লিখিত জবাব দেন ওই চিকিৎসক। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি বিএমডিসি। উল্টো চিকিৎসায় যথেষ্ট অবহেলা ও গাফিলতি ছিল তা প্রমাণিত হয়েছে বলে জানানো হয়।

এ কারণে বিএমডিসি আইন, ২০১০ (৬১ নম্বর আইন)-এর ২৩ (১) ধারা অনুযায়ী আলী জাহীরের বিএমডিসির নিবন্ধন এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। যা ২০ নভেম্বর থেকে কার্যকর হবে।

আইনের ধারা অনুযায়ী, রেজিস্ট্রেশন স্থগিতকালীন সময়ে তিনি চিকিৎসক হিসেবে কোথাও কোনো প্রকার চিকিৎসা সেবা দিতে পারবেন না। এ ছাড়াও এই সময়ে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়