Homeএই মুহুর্তেনিউজিল্যান্ডে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রাইম ভিশন ডেস্ক »

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় কেরমাডেক আইল্যান্ডসে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ জন্য দ্বীপরাষ্ট্রটিতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক বিভাগের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে শক্তিশালী এ ভূমিকম্প ঘটে। ভূমিকম্পটির কেন্দ্র নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটার উত্তরপূর্বে।

সুনামি সতর্কতার বিষয়ে স্থানীয় কর্মকর্তারা জানান, প্রথমে ওই এলাকার জন্য সুনামির হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সে সময় বলা হয়েছিল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা ফিলিপাইনের জন্য সুনামির কোনো আশঙ্কা নেই। তবে কিছু সময় পরে ওই সতর্কবার্তা পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়।

বিশ্বের দুটি প্রধান টেকটোনিক প্লেটের সীমানাবর্তী এলাকায় অবস্থিত নিউজিল্যান্ড। সেই প্লেট দুটি হলো প্যাসিফিক প্লেট এবং অস্ট্রেলিয়ান প্লেট। এ ছাড়া নিউজিল্যান্ড রিং অফ ফায়ার নামে পরিচিত তীব্র ভূমিকম্পপ্রবণ এলাকার সংলগ্ন। তাই প্রতি বছরই হাজার হাজার ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ড।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের ঠিক আগ মুহূর্তে দেশটিতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বন্যা, ভূমিধ্বসের ঘটনা ঘটে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়