প্রাইম ভিশন ডেস্ক »
নিত্যপণ্যসহ নানা পণ্যের দাম বেড়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে। এবার স্বর্ণের দাম লাফ দিয়ে বেড়েছে। বর্তমানে পাকিস্তানে ২৪ ক্যারেটের সোনা কিনতে একজন ক্রেতাকে দিতে হচ্ছে দুই লাখ ১৭ হাজার রুপি।
অর্থনীতিসহ নানা সংকটের মধ্যেও এখন দেশটির ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম বিরাজ করছে। ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির পতনের প্রেক্ষাপটে নতুন করে এ দর নির্ধারণ হয়েছে বলে বুধবার এক প্রতিবেদনে জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
দেশটিতে সর্বশেষ ভরিতে (১১. ৬৬ গ্রাম) স্বর্ণের দাম বেড়েছে ২৫০০ রুপি। অন্য মানের স্বর্ণের দামও বেড়েছে একই হারে। অল-পাকিস্তান সরাফা জেমস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (এপিএসজিজেএ) স্বর্ণের নতুন দর প্রকাশ করেছে।
মঙ্গলবার ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড পতন হয়েছে। আমেরিকান ডলারের বিপরীতে রুপির দাম ছিল ২৮৭ দশমিক ৮৫। এর প্রভাব পড়েছে স্বর্ণের দামে।
এদিকে দেশটিতে রাজনৈতিক সংকট তো সঙ্গে আছেই। রমজানে গ্যাস-বিদ্যুতেও ঘাটতি যোগ হয়েছে। রান্না করতে গিয়ে গ্যাস পাচ্ছেন না অনেকে।
জিও নিউজ বলছে, পাকিস্তানে মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছে না। বার্ষিকভিত্তিতে চলতি বছরের মার্চে মূল্যস্ফীতি বেড়ে ৩৫ দশমিক ৪ শতাংশ হয়েছে।
স্বর্ণের দামের লাগাম না টানা না গেলেও দেশটিতে অপরিবর্তিত রূপার দাম। ভরিপ্রতি রুপা বিক্রি হচ্ছে ২৪৫০ রুপিতে।


