Homeসংবাদআজ সারাদেশে কালবৈশাখী ঝড়ের আভাস

আজ সারাদেশে কালবৈশাখী ঝড়ের আভাস

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের ৬৪টি জেলার ওপর দিয়ে মঙ্গলবার (২৩ মে) বয়ে যেতে পারে বছরের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়। এতে দেশের কয়েকটি জেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার। অন্যান্য জেলায় থাকবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার। তা ছাড়া বেশ কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের আট জেলায় দমকা হাওয়া, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি অথবা বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে দমকা, ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া অন্য সব জেলার পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা, ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবারের কালবৈশাখী ঝড় বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ে রূপ নেওয়ার শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

এদিন বেলা সাড়ে ১১টায় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহের তথ্যের ভিত্তিতে তিনি বলেন, কালবৈশাখী ঝড়টি ভারতের বিহার থেকে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। এটি শক্তিশালী ঝরে রূপ নেওয়ার সব বৈশিষ্ট্য রয়েছে। বর্তমান গতিবেগ অনুযায়ী ঝড়টি আজ দুপুর একটা থেকে বিকাল ৪টার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

মোস্তফা কামাল পলাশ বলেন, ‘ঢাকার ওপর দিয়ে ঝড়টি অতিক্রমের সম্ভাব্য সময় বিকাল ৫টা থেকে রাত ১০টা। এ ছাড়া এটি দেশের ৬৪টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। বুধবার ভোর ৬টা থেকে সকাল ১০টার মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলা দিয়ে ঝড়টি বাংলাদেশ ত্যাগ করতে পারে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়