প্রাইম ভিশন ডেস্ক »
রাজধানীর জুরাইনে পাঁচ শতাধিক হজযাত্রীর টাকা নিয়ে উধাওয়ের অভিযোগে একটি হজ এজেন্সির সামনে বিক্ষোভ করেছেন একদল মানুষ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে পুলিশ।
বুধবার (১৪ জুন) দুপুরে রাজধানীর শ্যামপুর থানা এলাকার জুরাইনে অবস্থিত এজেন্সি ‘এস এন ট্রাভেলস এন্ড টুরস’-এর সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগী সাধারণ হজযাত্রীরা।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘একটি হজ এজেন্সি পাঁচ শতাধিক মানুষের টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি আমরা।’
ওসি আরও বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। শুনেছি এজেন্সির মূল মালিক পলাতক রয়েছেন। শুধু প্রতিষ্ঠানের কয়েকজনকে পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’


