প্রাইম ভিশন ডেস্ক »
নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিয়মিতই তাকে দেখা যায় নানামাত্রিক চরিত্রে। নাটকে তার উপস্থিতি মানেই দর্শকের জন্য বাড়তি ভালোলাগা। আসছে ঈদে একাধিক নাটক নিয়ে হাজির হবেন তিনি। বৈচিত্র্যময় গল্পে দেখা যাবে তাকে। তার আগে আজ তিশাকে দেখা যাবে ‘মুখোশ’ নামের নাটকে। এটি রচনা করেছেন পারভেজ ইমাম। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
এ নাটকে তিশার বিপরীতে দেখা যাবে মুশফিক ফারহানকে। এতে আরও দেখা যাবে শহীদুল আলম সাচ্চু, মিলি বাশারসহ অনেককে। নাটকটি আজ প্রচার হবে জি সিরিজের ইউটিউব চ্যানেলে।
তিশা বলেন, ‘প্রতিনিয়ত আমাদের নানা রকম মুখোশের আড়ালে চলতে হয়। সেসব মুখোশের গল্প বলবে এ নাটকটি। আমার বিশ্বাস দর্শক নাটকটি দেখে মুগ্ধ হবেন।’
এদিকে সম্প্রতি অভিনেতা শরীফুল ইসলাম রাজের ফেসবুক থেকে একটি ভিডিও ফাঁস হতে দেখা যায় তানজিন তিশার। সেটি বেশ সমালোচনার জন্ম দেয়। তবে এ নিয়ে চুপ থাকেননি অভিনেত্রী। কড়া ভাষায় তিনি রাজের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন। রাজের উদ্দেশে বলেন, ‘শরীফুল রাজের আইডি থেকে ভিডিওগুলো আপ করা হয়েছে এবং রাজ তার ব্যক্তিগত আইডি থেকে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে। শুধু দুঃখ প্রকাশেই কেন ঘটনা শেষ করতে চাইছো রাজ? এই যে তোমাকে জড়িয়ে কয়েকটা মেয়ের সম্মান নষ্ট হলো, তাদের ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলল সবাই, পরিবারের সামনে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে।
এত সিলি সিলি ক্যাপশন দিয়ে বন্ধুত্বপূর্ণ ভিডিওগুলোকেও আপত্তিকর বানানো হলো, এ দায়ভার কি তোমার না? কারণ তুমিই তো বলেছো, তোমার আইডি হ্যাক করা হয়েছে। তোমার দায়িত্বশীলতার জায়গায় তুমি কী করছো? কেন আইনানুগ ব্যবস্থা নিচ্ছো না? কেন এর পেছনের মূল হোতাকে খুঁজে বের করছো না? যদিও দেশে এসেই আমি এ ব্যাপারে ব্যবস্থা নেব, তবু রাজ আমি তোমার কাছ থেকে এতটুকু দায়িত্বশীল মনোভাব আশা করেছিলাম সত্যি।’
তবে এসব সংকট পেছনে রেখে তানজিন তিশা বর্তমানে ঈদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।


