প্রাইম ভিশন ডেস্ক »
সংযুক্ত আরব আমিরাতের জাঁকজমক শহর দুবাই। সেই শহরের সবচেয়ে দামি বাড়িটি বিক্রি করা হবে। ‘মার্বেল প্যালেস’ নামে বিলাসবহুল ওই বাড়ির সম্ভাব্য দাম ধরা হয়েছে ২ হাজার ২২৫ কোটি টাকা (৭৫ কোটি দিরহাম)!
তার আগে জেনে নেওয়া যাক কী কী রয়েছে বাড়িটিতে। দুবাইয়ের এমিরেটস হিল এলাকায় অবস্থিত এই বাড়িতে ইনডোর স্পেসই রয়েছে ৬০ হাজার বর্গফুট। তবে বেডরুমের সংখ্যা মাত্র পাঁচটি। সবচেয়ে বড় বেডরুমের আকার চার হাজার বর্গফুট।
গ্রাউন্ড ফ্লোরজুড়ে রয়েছে ডাইনিং ও বিনোদনের ব্যবস্থা। বাড়িতে রয়েছে ১৫টি গাড়ি রাখার মতো বিশাল গ্যারেজ, ১৯টি বাথরুম, ইনডোর ও আউটডোর পুল, ৮০ হাজার লিটারের একটি কোরাল রিফ অ্যাকুয়ারিয়াম, একটি বৈদ্যুতিক সাবস্টেশন এবং একটি প্যানিক রুম।
ইটালিয়ান মার্বেলে তৈরি দুবাইয়ের এই বাড়ি তৈরিতে সময় লেগেছে প্রায় ১২ বছর। ২০১৮ সালে শেষ হয় এর নির্মাণকাজ।
বাড়ির মালিক নিজের পছন্দমতো প্রায় ৪০০টি শিল্পকর্ম দিয়ে সাজিয়েছেন দৃষ্টিনন্দন স্থাপনাটি। এর মধ্যে রয়েছে উনবিংশ ও বিংশ শতাব্দীর নানা ভাস্কর্য ও চিত্রকর্ম। ক্রেতা চাইলে এগুলোও দরদাম করে কিনে রাখতে পারবেন।
বাড়িটির মালিক স্থানীয় একজন প্রোপার্টি ডেভেলপার। তবে তার নামপ্রকাশ করা হয়নি। বাড়িটি বিক্রি করে দেওয়ার দায়িত্ব নিয়েছে লুক্সহ্যাবিট্যাট সোথবি’স ইন্টারন্যাশনাল রিয়েলিটি।


