প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে গ্রাহকের ৬৩ লাখ টাকা আত্মসাতের মামলায় এক ব্যাংক কর্মকর্তাসহ (সাময়িক বরখাস্ত) দুজনকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন।
কারাদণ্ডের আদেশ পাওয়া আসামিরা হলেন ইস্টার্ণ ব্যাংক লিমিডেটের (ইবিএল) চট্টগ্রাম নগরের ও আর নিজাম রোড শাখার সাবেক ব্যবস্থাপক ইফতেখারুল কবির ও তার সহযোগী আজম চৌধুরী।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ বলেন, গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তা ইফতেখারুল কবিরকে বিভিন্ন ধারায় ২১ বছরের কারাদণ্ড ও ৩৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর দিকে আজম চৌধুরীকে ১২ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। ত
দুদক সূত্র জানিয়েছে, ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের ২৪ এপ্রিল পর্যন্ত ইফতেখারুল কবির ও আজম চৌধুরী পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ইবিএলের গ্রাহক মিজানুর রহমানের ৬৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১৯ সালের ১৪ অক্টোবর দুদক মামলা করে। তদন্ত শেষে ২০২২ সালের ২৯ মে অভিযোগপত্র দেওয়া হয় আদালতে। এতে বলা হয়, ইবিএলের গ্রাহক মিজানুর রহমানের হিসাবে জমা হওয়া ৬৩ লাখ ৬৬ হাজার টাকা স্থায়ী আমানতে রাখার কথা বলে কৌশলে তাঁর কাছ থেকে টাকা স্থানান্তরের সই করিয়ে নেন ইফতেখারুল। পরে টাকাগুলো তার সহযোগী আজম চৌধুরীর হিসাবে জমা করেন।


