Homeচট্টগ্রামআগামী সপ্তাহ থেকে কালুরঘাটে চলবে ফেরি

আগামী সপ্তাহ থেকে কালুরঘাটে চলবে ফেরি

প্রাইম ভিশন ডেস্ক »

কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরি চালু করেছে সড়ক ও জনপথ বিভাগ। পারাপারের জন্য তিনটি ফেরির ব্যবস্থা করা রয়েছে। দুটি ফেরি চলাচলের জন্য দুই পাড়ে রয়েছে; আরেকটি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এছাড়া নির্ধারণ করা হয়েছে যানবাহনের টোল। কালুরঘাট সেতু মেরামতের কাজ শুরু হলে বর্তমানে সেতু দিয়ে চলাচলরত সব ধরনের যানবাহন নিচে ফেরিঘাটে ফেরি দিয়ে চলাচল করবে।

বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম–দোহাজারী–কক্সবাজার রুটে আগামী সেপ্টেম্বরে ট্রেন চলাচলের উদ্বোধনের কথা রয়েছে। এই লক্ষ্যে দোহাজারী–কক্সবাজার রেললাইনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কক্সবাজার রুটে ট্রেন চালুর জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে শতবর্ষী কালুরঘাট সেতু।

বিদ্যমান সেতু দিয়ে দক্ষিণ কেরিয়া থেকে আমদানি করা আধুনিক উচ্চগতির কোচসহ ১৫ এক্সেল লোডের ইঞ্জিন প্রবেশ করতে পারবে না। জরাজীর্ণ সেতুটি লোড নেবে না বলে জানিয়েছেন রেলওয়ের সংশ্লিষ্ট প্রকৌশলীরা। তাই রেল কর্তৃপক্ষ সেতুটি মেরামতের উদ্যোগ নিয়েছেন। বুয়েটের পরামর্শ অনুযায়ী সেতুটি মেরামতের জন্য গত ১৮ জুন ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের চুক্তি স্বাক্ষর হয়।

৪৩ কোটি টাকায় এই প্রতিষ্ঠানটি কালুরঘাট সেতু দিয়ে দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত উচ্চগতির কোচসহ ১৫ এক্সেল লোডের ইঞ্জিন নিয়ে ট্রেন কক্সবাজার যাওয়ার উপযোগী করে তুলবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা বলেন, কালুরঘাটে ফেরি সার্ভিস চালু হয়েছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে পুরোদমে সেতু মেরামতের কাজ শুরু হবে। দিন–তারিখ ঠিক করে আগে থেকেই সেতু দিয়ে গাড়ি চলাচল বন্ধের বিজ্ঞপ্তি দেব।

এদিকে দোহাজারী–কক্সবাজার রেললাইনের ৮৬ শতাংশ কাজ শেষ হয়েছে। ১০১ কিলোমিটার রেললাইনের মধ্যে এ পর্যন্ত ৮২ কিলোমিটার রেললাইন বসে গেছে বলে জানিয়েছেন দোহাজারী–কক্সবাজার রেললাইন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী মুহম্মদ আবুল কালাম চৌধুরী।

এদিকে ফেরি সার্ভিস চালুর সাথে সাথে ফেরি দিয়ে পারাপারে যানবাহনের টোল আদায়ের হারও নির্ধারণ করা হয়েছে। ট্রেইলার পারাপারে টোল নেয়া হবে ৫৬৫ টাকা, হেভি ট্রাক ও কাভার্ড ভ্যান ৪৫০ টাকা, ২ এক্সেল বিশিষ্ট মিডিয়াম ট্রাক ২২৫ টাকা, বড় বাস ২০৫ টাকা, মিনি ট্রাক ১৭০ টাকা, পাওয়ার ট্রিলার–ট্র্যাক্টর ১৩৫ টাকা, মিনিবাস (৩০ জনের) ১১৫ টাকা, মাইক্রোবাস, পিকআপ, জিপ ৯০ টাকা, প্রাইভেটকার ৫৫ টাকা, সিএনজি টেক্সি ২৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা এবং রিকশার টোল নির্ধারণ করা হয়েছে ৫ টাকা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়