প্রাইম ভিশন ডেস্ক »
নাট্যনির্মাতা হিমেল আশরাফ ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে একজন সফল চলচ্চিত্র পরিচালক হিসেবে ইতোমধ্যে আসন তৈরি করে নিয়েছেন। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি এখনও দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে। ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের জোয়ারের মাঝেই হিমেল আশরাফ তার নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন।
২৪ জুলাই হিমেল তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে সুখবরটি ভক্তদের জানিয়েছেন। পোস্টে হিমেল জানিয়েছেন তার নতুন সিনেমার নাম হচ্ছে ‘রাজকুমার’। এ ছাড়া জানা গেছে নির্মাণের পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ তিনি নিজেই লিখছেন।
‘প্রিয়তমা’ নির্মাতার নতুন সিনেমা আগমনের খবরে ভক্তদের মধ্যেও বেশ উচ্ছ্বাস দেখা গেছে। জানা গেছে, এই সিনেমায়ও শাকিব খানের সঙ্গেই জুটি বেঁধে কাজ করবেন এই নির্মাতা। শাকিবের বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। প্রথমবার বাংলাদেশি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কোর্টনি। তিনি মার্কিন টিভি সিরিয়ালের অভিনেত্রী। অর্ধশতাধিক মার্কিন অভিনেত্রীর মধ্য থেকে অডিশনের মাধ্যমে কোর্টনি কফিকে চূড়ান্ত করা হয়েছে ছবিটির জন্য।
তবে কবে নাগাদ ছবির কাজ শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি হিমেল আশরাফ। ধারণা করা হচ্ছে শিগগিরই তিনি টিম নিয়ে মাঠে নামবেন।
প্রসঙ্গত, হিমেল আশরাফের প্রথম সিনেমা ‘প্রিয়তমা’য় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল।


