প্রাইম ভিশন ডেস্ক »
বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশের দিন থেকে গতকাল শনিবার ৪ নভেম্বর পর্যন্ত সাত দিনে সংঘর্ষ–সহিংসতার ঘটনায় দলটির ২ হাজার ১৭২ নেতা–কর্মীকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ৮৯টি মামলায় বিএনপির এসব নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য রোববার ( ৫ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়।
ডিএমপির উপ-কমিশনার কে এন রায় নিয়তি জানান, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় ৮৯টি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শনিবার গ্রেফতার করা হয়েছে ৩৭ জনকে। এ পর্যন্ত রাজধানীর পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি মামলা হয়েছে। রমনা মডেল থানায় ছয়টি মামলা করা হয়েছে। শাহজাহানপুর থানায়ও ছয়টি মামলা হয়েছে।
এদিকে সকালে উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মোহাম্মদ হাসানকে হাতেনাতে আটকের কথা জানায় পুলিশ।
ডিএমপির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সালাউদ্দিন বলেন, সকালে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। আরেকটি ককটেল অবিস্ফোরিত ছিল। পরে বম ডিসপোজাল দল সেটি নিষ্ক্রিয় করে। এসময় সেখান থেকে একজনকে হাতেনাতে ধরে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। পরে তার পরিচয় জানা যায় গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মোহাম্মদ হাসান।
সরকার পতনের চূড়ান্ত ধাপের আন্দোলনের কর্মসূচি হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। কর্মসূচি শান্তিপূর্ণ হবে- সারা দেশের নেতাকর্মীদের কাছে হাইকমান্ডের পক্ষ থেকে এমন নির্দেশনাও দেয়া হয়েছিল। কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ওই মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এর প্রতিবাদে পরদিন গত রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।
হরতাল কর্মসূচি শেষে মঙ্গলবার থেকে দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা অবরোধের কর্মসূচি পালন করে বিএনপি। সবশেষে গত বৃহস্পতিবার দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচীর ডাক দেয় দলটি। রোববার ও সোমবার এই কর্মসূচী পালন করবে দলটি।


