Friday, June 26, 2026
spot_img
Homeসংবাদজনগণ ডামি নির্বাচনে ভোট দিতে যাবে না : রিজভী

জনগণ ডামি নির্বাচনে ভোট দিতে যাবে না : রিজভী

প্রাইম ভিশন ডেস্ক »

আসন্ন সংসদ নির্বাচনকে ‘তামাশার নির্বাচন’ আখ্যা দিয়ে মানুষ তাতে সাড়া দিচ্ছে না বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি বলেন, ‘সরকারের হুমকিধমকিতেও জনগণ ডামি নির্বাচনে ভোট দিতে যাবে না।’

বিএনপির ‘অসহযোগ আন্দোলন’ সফল করতে বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর শান্তিনগরে লিফলেট বিতরণের সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘অবৈধ সরকার ও তার বশংবদ কমিশন দেশে ডামি ও তামাশার যে নির্বাচনের আয়োজন করেছে জনগণ তাতে সাড়া দিচ্ছে না। ভোটকেন্দ্রে লোকজনকে নিতে ক্ষমতাসীনরা মরিয়া হয়ে উঠেছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকিধমকি দিচ্ছে… বাড়ি বাড়ি গিয়ে ওরা বলে আসছে ভোটের দিন কেন্দ্রে না গেলে নাকি খবর আছে।’

তিনি আরও বলেন, ‘সরকারকে বলে দিতে চাই, আপনাদের এসব সন্ত্রাসী হুমকিতে কোনো লাভ নেই। জনগণ ডামি নির্বাচনে ভোট দিতে যাবে না। যত ভয়ভীতি দেখাক না কেন সেদিন “আমরা আর মামুরা” ছাড়া কেউ থাকবে না ভোটকেন্দ্রে। সেদিন ভোট বর্জন করে জনগণ ওদের হুমকির সমুচিত জবাব দেবে।’

সরকার জোর করে একতরফা নির্বাচন করে দেশটাকে জাহান্নাম বানানোর অপচেষ্টা করছে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, ‘এলাকায় এলাকায় দেখবেন কোথাও কোনো ভোটের আমেজ কিংবা উৎসব নেই। মানুষের ভেতরে ভোট নিয়ে আলাপ-আলোচনা নেই। এলাকায় এলাকায় যখন নৌকার সমর্থনে মাইকে প্রচার চালায় তখন মানুষ দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর সাধারণ মানুষ বলে, “এটা ভোট না, এটা ৩০০ আসনে ভাগবাঁটোয়ারার নাটক”।’

রিজভী আরও বলেন, ‘সারা দেশে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে সরকার ভেবেছে ৭ জানুয়ারি পার করবে। কিন্তু তাদের এ ভাবনা সফল হতে দেবে না জনগণ।’

সকাল সাড়ে ৭টায় শান্তিনগরের সড়কে অস্থায়ী কাঁচাবাজারে ১০-১২ জন নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরণ করেন রিজভী। কিছু সময় লিফলেট বিতরণ করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান তিনি।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের আবদুর রহিম, মহানগরী দক্ষিণ বিএনপির আরিফা সুলতানা রুমা তার সঙ্গে ছিলেন।

সকালে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল কর্মীদের নিয়ে শান্তিনগর বাজারে লিফলেট বিতরণ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়