প্রাইম ভিশন ডেস্ক »
সময় যত যাচ্ছে ততই যেন কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি নিজের জৌলুস হারাচ্ছে। সোনালি অতীত ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সবাই। কিন্তু এ মন্দা সময়ে বসে না থেকে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছেন টালিউডের বেশিরভাগ অভিনেত্রী। ওপার বাংলার বেশিরভাগ নায়িকাই এখন অভিনয় করছেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে।
সাম্প্রতিক সময়ে টালিউডের ছবিগুলো দেখলেই সেই প্রমাণ পাওয়া যায়। ওপার বাংলার অভিনেত্রীরা কাজ করছেন ঢাকাইয়া ছবিতে। স্বাভাবিকভাবেই কাজের ক্ষেত্রে যোগ্যতা, পরিস্থিতি, অবস্থান মিলিয়ে একটা অলিখিত লড়াই চলতে থাকে। ইতোমধ্যেই বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেত্রী টালিউডে কাজ করছেন। প্রকাশ্যে না বললেও টালিউডের অনেক অভিনেত্রীর কথায় সেই ক্ষোভ প্রকাশ পেয়েছে। স্বস্তিকা মুখার্জি তো ঢাকায় এসে এক ধরনের ক্ষোভ ঝেড়েই বলেছেন, কলকাতায় বাংলাদেশের শিল্পীরা যত সুযোগ পান, সে তুলনায় বাংলাদেশে আমাদের কাজের সুযোগ বেশ কম।
কিন্তু আসলেই কি তাই? বাস্তবে দেখা যায় কলকাতার অভিনেত্রীরা ঢাকামুখী হওয়ার কারণ হচ্ছে টালিউড ইন্ডাস্ট্রির চলমান মন্দা। কোটি কোটি রূপি লগ্নি করেও লাভের মুখ দেখছেন না সেখানকার প্রযোজকরা। যার কারণে শুধু অভিনেতা অভিনেত্রীরা নয়, বড় বড় প্রযোজক সংস্থাও বাংলাদেশের সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে বিনিয়োগ করছে। যার অন্যতম উদাহরণ ওপার বাংলার ভেঙ্কটেশ ফিল্মের বাংলাদেশের প্রযোজকদের সঙ্গে যৌথ বিনিয়োগ করা।
কলকাতার যেসব অভিনেত্রী ঢাকাই সিনেমার প্রযোজক ও পরিচালকের দ্বারে দ্বারে ঘুরছেন তাদের বেশিরভাগই ওপার বাংলায় নিজেদের জায়গা শক্ত করতে পারছেন না। যার মধ্যে অন্যতম কৌশানী মুখার্জি এবং সায়ন্তিকা ব্যানার্জি। কেউ কেউ আবার টালিউডের একটি সিনেমাতেও ডাক না পেলেও ঢালিউডে মোটা অঙ্ক পারিশ্রমিক নিচ্ছেন। যেমন- ইধিকা পাল।
এছাড়া হিন্দি সিনেমার আগ্রাসনে টালিউড ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাওয়ায় এবং একের পর এক সিনেমা প্রেক্ষাগৃহে ব্যর্থ হওয়ায় ওপার বাংলার বেশ কয়েকজন অভিনেত্রী এপার বাংলার প্রযোজনা প্রতিষ্ঠানে ধরনা দিচ্ছেন। সবকিছুর পরও কিছু বিষয় নিয়ে শঙ্কিত হতে দেখা গেছে দেশীয় কলাকুশলী ও চলচ্চিত্রবোদ্ধাদের।
যার মধ্যে, বাজার দখল হয়ে যাওয়ার ভয় অন্যতম। এখন দেখার বিষয়, টালিউড অভিনেত্রীদের ডুবতে বসা ক্যারিয়ার এদেশে এসে কূলকিনারা করতে পারে কিনা।


