প্রাইম ভিশন ডেস্ক »
চার দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে কয়েকশ ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক।
রোববার (২৪ মার্চ) সকালে ১১টায় থেকে ১টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করে। এ সময় তারা যৌথভাবে চার দাবি পেশ করে।
দাবিগুলো হলো- ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করা।
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করা। ১২টি প্রাইভেট ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাতা পুনর্বহাল করা ও অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করা।
ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা জানান, ৯ মাস ধরে ভাতা থেকে বঞ্চিত ট্রেইনি ডাক্তাররা। সেই সাথে প্রাইভেট ইনস্টিটিউটের রেসিডেন্ট এবং ডিপ্লোমা ট্রেইনিদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ ভাতা আরেক দফা বাড়ানোর কথা ছিল জানুয়ারি মাস থেকে। কিন্তু আমাদের শুধু আশ্বাসের উপরেই রাখা হচ্ছে।
তারা বলেন, বর্তমানে আমাদের পরিবারের ভরণপোষণ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমাদের ৪ দফা দাবি না মেনে নিলে ৪৮ ঘণ্টার পর আরও কঠোর কর্মসূচিতে যাবো। তবে এই কর্মসূচির বাইরে রয়েছে সব হাসপাতালের জরুরি বিভাগ। জরুরি বিভাগে আমাদের ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা সেবা দিচ্ছেন।


