Homeএই মুহুর্তেসাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা, যা বললেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী

সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা, যা বললেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে পাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, যে ভিসানীতি ঘোষণা করা হয়েছিল তার অধীনে জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। দেওয়া হয়েছে অন্য আইনে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে পৃথক আলোচনায় এসব কথা বলেন তারা।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কেন এই নিষেধাজ্ঞা আসছে, সেটা আমার কাছে এখনো আসেনি। আমি কেবল একটি বিজ্ঞপ্তির কথা শুনেছি। এটা বিস্তারিতভাবে না জেনে প্রশ্নের জবাব দিতে পারব না।

তিনি বলেন, একটা জিনিস আমি বুঝতে পেরেছি, মার্কিন সরকার অনেক দেশের অনেক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অনেক দেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এটা তাদের জন্য নতুন কিছু না। আমাদের দেশে যাকে দেওয়া হয়েছে, আমাদের কাছে এখনো সেটা সঠিকভাবে আসেনি। আসলে পরে জানতে পারবো, কেন দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানি না, শুধু শুনেছি। তবে মার্কিন সরকার এর আগেও বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির ওপর এ ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানার পরেই মন্তব্য করা যাবে।

এর আগে, সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণা করার কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে বলা হয়, আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ন করতে ভূমিকা রেখেছে। আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটি করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়ান। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি নিজের ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। তিনি নিজ স্বার্থে সরকারি নিয়োগে ঘুষ নেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়