বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে

পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে

প্রাইম ভিশন ডেস্ক »

আসন্ন দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মাইনুল হাসান বলেছেন, প্রতিবারের মতো এবারও ঢাকা মহানগরের প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে।

মহালয়া, প্রতিমা বিসর্জনসহ দুর্গাপূজা চলাকালীন পুরো সময় নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ কার্যক্রম শুরুও করেছে। পূজার সময় পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

গতকাল বুধবার ডিএমপি সদরদপ্তরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পূজা উদযাপন পরিষদ নেতাদের আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পূজার সময় মণ্ডপগুলোতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা সক্রিয় রাখতে হবে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করবেন।

এ সময় পূজা উদযাপন কমিটির নেতারা পূজামণ্ডপের নিরাপত্তা এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ঢাকা মহানগর পুলিশের সর্বাত্মক সহযোগিতা চান।

সভায় রামকৃষ্ণ মঠ ও মিশনের সহসম্পাদক স্বামী শান্তি করাণেন্দু মহারাজ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব কৃষ্ণেন্দু কুমার পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সহসভাপতি গোপালচন্দ্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়