প্রাইম ভিশন ডেস্ক »
কিছুদিনের মধ্যে বাংলাদেশকে পুরো ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে ভারতের আদানি পাওয়ার। অর্থাৎ তিন মাস পর পুরো সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে ছাড় বা কর সুবিধা দিতে ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করেছে কোম্পানিটি। রয়টার্সের সঙ্গে কথা বলা দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিলিয়নিয়র গৌতম আদানির কোম্পানি গত ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। তখন বৈদেশিক মুদ্রার সংকটে বাংলাদেশের পক্ষে সময়মতো পেমেন্ট না করতে পারাকে যার কারণ বলে উল্লেখ করা হয়।
এরপর ১ নভেম্বর প্ল্যান্টের দুটি ইউনিটের একটির কার্যক্রম বন্ধ করে দেয় আদানি পাওয়ার। পরে শীত মৌসুমে চাহিদা কম এবং অর্থ পরিশোধের জটিলতার প্রেক্ষিতে বাংলাদেশ পূর্ণ সরবরাহের বদলে অর্ধেক বিদ্যুৎ গ্রহণে সম্মত হয়।


