প্রাইম ভিশন ডেস্ক »
হাটহাজারীতে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদলের গুলিতে শহিদুল ইসলাম সায়েম (২৫) নামের সেনাবাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) ভোর রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারিতে এ ঘটনা সংঘটিত হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করার সময় ৪ জন মুখোশ পরা অস্ত্রধারী দুর্বৃত্ত দোকানের রাসেদকে জিম্মি করে দুই ক্যাশের টাকা ও দামি সিগারেটসহ মালামাল নিয়ে যাচ্ছিল। হঠাৎ বাসার সিসি ক্যামেরায় এ দৃশ্য দেখে সেনা কর্মকর্তা সায়েম (ছোট ভাই) বাসা থেকে দৌঁড়ে দোকানে আসা মাত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে শহিদুল ইসলাম সায়েম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে পাঠিয়ে দেন। এদিকে খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।


