প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোনো সড়কে কোমর সমান পানি, আবার কোথাও হাঁটু পর্যন্ত পানি দেখা গেছে। কোথাও কোথাও বাজারে দোকানের মধ্যে পানি ঢুকেছে।
ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামী পথচারী, এইচএসসি পরীক্ষার্থীসহ ঘর থেকে পথে বের হওয়া ব্যক্তিরা।
পতেঙ্গা আবহাওয়া অফিস বলছে, সোমবার দিনভর বৃষ্টি ঝরবে এবং মঙ্গলবার থেকে পরের কয়েকদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিতে নগরীর কাপাসগোলা, কাতালগঞ্জ, চকবাজার, পাঁচলাইশ, প্রবর্তক মোড়, জিইসি, মুরাদপুর, একে খান গেইট, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, তিন পোলের মাথা, রিয়াজুদ্দিন বাজার, হেমসেন লেন, জুবিলী রোডসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়।
এদিকে সকালে ভারি বৃষ্টির পর কয়েকটি এলাকা এবং ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন করেছেন মেয়র শাহাদাত হোসেন। পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
আবহাওয়া অফিসের আমবাগান কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সোমবার বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১০২ মিলিমিটার।
কাতালগঞ্জ এলাকায় দেখা যায়, সড়কে প্রায় কোমর সমান পানি জমেছে। পথচারীরা ডিভাইডারের উপর দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে চলেছেন। রিকশা ছাড়া ওই সড়কে তেমন যানবাহন নেই।
তিন পোলের মাথা এলাকায় সড়কের মাঝখানে প্রায় হাঁটুপানি জমেছে। পাশের গোলাম রসুল মার্কেটের নিচতলায় পানি ঢুকে পড়ে। অদূরে রিয়াজুদ্দিন বাজারের বেশ কিছু দোকানেও পানি ঢুকেছে সকালে।


