Homeমুল পাতানির্বাচনে নৌ বাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবেন

নির্বাচনে নৌ বাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবেন

প্রাইম ভিশন ডেস্ক »

এবারের জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও কাজ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৩১ আগস্ট) দুপুরে সিলেট বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ভোটকেন্দ্রে আনসারের ভুমিকা সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে আনসার সদস্য বাড়ানো হবে। সেনাবাহিনী মোবাইল ডিউটিতে থাকবে। এছাড়া নৌবাহিনী ও বিমান বাহিনি ও এপিবিএন দায়িত্বে থাকবে।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে চার হাজার পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে। আরেকটি ব্যাচ প্রশিক্ষণ নেবে। পুলিশসহ অন্যান্য বাহিনিকে প্রশিক্ষণ দেওয়া হবে। সাত সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে সেটি শুরু হবে।’

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলা দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, ‘এ ঘটনা সরকার তদন্ত করে খতিয়ে দেখছে।’

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো সমাধানে শিক্ষকরা খুবই যোগ্য। উনাদের সমস্যাগুলো ছাত্র-শিক্ষক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে সরকার। এ ব্যাপারে কেউ তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে।’

এছাড়া, সীমান্ত এলাকা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে বলেও জানান তিনি।

সিলেটের সাদাপাথর লুট প্রসঙ্গে তিনি বলেন, ‘লুটের ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগের তদন্ত কমিটি সময় বাড়িয়েছে। বিষয়টি খনিজ সম্পদ অধিদপ্তর দেখাশোনা করছে। লুটে দায়ীরা শাস্তির আওতায় আসবে।’

দুই দিনের সফরে শনিবার রাতে সিলেটে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার দুপুরে তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা অংশ নেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়