প্রাইম ভিশন ডেস্ক »
ছোটপর্দার নির্মাতা সাকিব ফাহাদের নতুন সিনেমা ‘সোলজার’-এ চিত্রনায়ক শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করার কথা তানজিন তিশার। এবার শোনা যাচ্ছে একই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশীকে। বিষয়টি জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।
তিশা ও ঐশী দুজনের সঙ্গেই নাকি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে সূত্রটি জানায়, অচিরেই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে। জানা গেছে, সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমার শুটিং শুরু হবে চলতি মাসেই। সোলজারে শাকিব খানকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্ট হিসেবে; যিনি দেশের জন্য একের পর এক দুঃসাহসিক মিশন সম্পন্ন করেন সাফল্যের সঙ্গে। কাহিনীতে বাস্তব ঘটনার ছোঁয়ার পাশাপাশি থাকছে নাটকীয়তা, দেশপ্রেম, আবেগ আর রোমাঞ্চকর অ্যাকশন। ঐশীর বড়পর্দায় অভিষেক হয়েছে আগেই। তিনি এর আগে মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ার, রাত জাগা ফুল ও আদম সিনেমায় কাজ করেছেন। তবে তানজিন তিশার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে সোলজারের মাধ্যমে।
বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালনা করবেন ‘সোলজার’। চলতি মাসেই সিনেমার শুটিং শুরু হবে, ঈদ ছাড়াই মুক্তির পরিকল্পনা সংশ্লিষ্টদের। কদিন আগে জানা যায়, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন। সেই ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। সংবাদমাধ্যমের দাবি, শাকিব পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে!
তবে সূত্র জানায়, শাকিব সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না, বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে, যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।
গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ, যা তুলে ধরবে তার চাকরিজীবনের নানান প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি। সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য। এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড়পর্দায়।
নতুন এই প্রকল্পের জন্য ইতোমধ্যেই সব ধরনের সরকারি অনুমতি নেওয়া হয়েছে। ছবিতে বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রু যুক্ত থাকবে। পরিচালক সাকিব ফাহাদ একাধিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই ছবি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনীতে কিছুটা নাটকীয়তা থাকবে। দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগ সব মিলিয়ে এটি হবে শক্তিশালী গল্পের ছবি।


