বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামের প্রথম মল পরিশোধনাগার কাজের ৬৯ শতাংশ অগ্রগতি

চট্টগ্রামের প্রথম মল পরিশোধনাগার কাজের ৬৯ শতাংশ অগ্রগতি

প্রাইম ভিশন ডেস্ক »

পাঁচ চ্যালেঞ্জের মুখে চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ (পয়োনিষ্কাশন) প্রকল্প। রাস্তা কর্তনে চসিকের সীমিত আকারে অনুমতি প্রদান, চাহিদার তুলনায় মন্ত্রণালয়ের কম অর্থ ছাড়, নগরীর কিছু ঘনবসতিপূর্ণ এলাকায় সরু রাস্তার কারণে পাইপলাইন স্থাপনে ধীরগতি, বে-টার্মিনালে পাশে চ্যানেল নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিলম্ব ও হালিশহর বড়পুল চৌ-চালা সড়কের পাশে প্রকল্পের প্রধান ট্রাঙ্কলাইন স্থাপনের জন্য অস্থায়ীভাবে ভূমি ব্যবহারে রেলের সিদ্ধান্ত জানাতে বিলম্বের কারণে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। এতে কাজের গতির ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম  বলেন, ‘স্যুয়ারেজ প্রকল্পের অন্যতম কাজ হচ্ছে পয়োপাইপলাইন বসানো। নগরীর সড়কগুলোতে বসানো হয় পাইপলাইন। এজন্য চসিক থেকে অনুমতি নিতে হয়। কিন্তু যথাসময়ে অনুমতি না পেলে কাজের গতি বাড়ানো যায় না। তাই কাজের গতি বাড়াতে ওয়াসা ও চসিক মিলে একটি যৌথ কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। আশা করি এ কমিটির মাধ্যমে কাজের গতি বাড়ানো সম্ভব হবে। সূত্র দৈনিক পূর্বকোণ।

ওয়াসার স্যুয়ারেজ প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম  বলেন, ‘পাঁচ চ্যালেঞ্জের কারণে স্যুয়ারেজ প্রকল্পের গতি বাড়ানো যাচ্ছে না। তারপরও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে সমন্বয় করে গতি বাড়াতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে প্রকল্পের ৬৯ শতাংশ কাজ শেষ হয়েছে। এছাড়া প্রকল্পের সংশোধিত প্রস্তাব চলতি বছরের ২০ এপ্রিল একনেক সভায় অনুমোদন হলে ব্যয় বাড়ে আরো এক হাজার ৪১০ কোটি টাকা। তাতে প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯ কোটি টাকা।

হালিশহরে ট্রিটমেন্ট প্রকল্প এলাকায় সাগর সংলগ্ন বে-টার্মিনালের পাশে একটি চ্যানেল নির্মাণের সিদ্ধান্ত রয়েছে বন্দর কর্তৃপক্ষের। পয়োবর্জ্য পরিশোধনের পর পরিষ্কার পানি এ চ্যানেল দিয়ে সাগরে ফেলা হবে। কিন্তু বন্দর কর্তৃপক্ষ এখনো চ্যানেল নির্মাণের কাজ শুরু করেনি বলে অভিযোগ করেছে প্রকল্প সংশ্লিষ্টরা। বন্দর কর্তৃপক্ষ ২০২৭ সালে চ্যানেলটি নির্মাণ করবে বলে জানা গেছে। অথচ স্যুয়ারেজ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৬ সালে। এ কারণে চ্যানেল নির্মাণ বিলম্ব হলে বেকায়দা পড়বে স্যুয়ারেজ প্রকল্প।

প্রকল্পের প্রধান ট্রাঙ্কলাইন স্থাপনের জন্য ট্রাফিক ডাইভারশন ও বিদ্যুৎলাইন অস্থায়ীভাবে স্থানান্তরের জন্য রেলওয়ের কাছে হালিশহরের বড়পুল চৌচালা সড়কের কিছু অংশ সাময়িক ব্যবহারের জন্য রেলের কাছে চিঠি দিয়েছে ওয়াসা। দীর্ঘ ১১ মাসেও রেলের কাছ থেকে অনুমতি পায়নি ওয়াসা। এতে কাজের গতি বাড়ানো যাচ্ছে না স্যুয়ারেজ প্রকল্পের।

সূত্র জানায়, চট্টগ্রাম ওয়াসার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ‘স্যুয়ারেজ’। ২০২২ সালের জানুয়ারিতে ওয়াসার স্যুয়ারেজের প্রথম প্রকল্পের কাজ শুরু হয়। বাংলাদেশ সরকারের সম্পূর্ণ অর্থায়নে প্রকল্পের জন্য প্রথমবার ব্যয় ধরা হয়েছিল তিন হাজার ৮০৮ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা। কিন্তু পরে প্রকল্পটি সংশোধিত প্রস্তাব চলতি বছরের ২০ এপ্রিল একনেক সভায় অনুমোদন হলে ব্যয় বাড়ে আরো এক হাজার ৪১০ কোটি টাকা। তাতে প্রকল্পের মোট ব্যয় দাঁড়ায় ৫ হাজার ২১৯ কোটি টাকা।

বর্তমানে দুইভাগে চলছে প্রকল্পের কাজ। একটি হচ্ছে- পাইপলাইন বসানো এবং অপরটি হালিশহরে ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ। প্রকল্পের অধীনে সবমিলে পয়োপাইপলাইন বসানো হবে ২০০ কিলোমিটার। এর মধ্যে ১৮১ কিলোমিটার অগভীর পাইপলাইন। বর্তমানে অগভীর পাইপলাইন বসানো হয়েছে ৯৭ কিলোমিটার। এসব পাইপলাইন সর্বোচ্চ ৪ মিটার মাটির গভীরে বসানো হচ্ছে। অপর ১৯ কিলোমিটার পাইপলাইন বসানো হচ্ছে সর্বনি¤œ ৬ মিটার থেকে সর্বোচ্চ ১৪ মিটার মাটির গভীরে। প্রকল্পের অধীনে বর্তমানে গভীর পাইপলাইন বসানো হয়েছে ৯ কিলোমিটার। সবমিলে বিভিন্ন সাইজের পাইপলাইন বসানো হয়েছে ১০৬ কিলোমিটার। এতে পাইপলাইনের কাজের অগ্রগতি হয়েছে ৫০ শতাংশ।

অপরদিকে হালিশহরে প্রকল্প এলাকায় পয়োশোধনাগার, ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট (মানুষের মল পরিশোধনাগার) প্ল্যান্ট নির্মাণে সিভিলের কাজ শেষ হয়েছে ৮৫ শতাংশ এবং ইলেক্ট্রো মেকানিক্যাল কাজ হয়েছে ৪০ শতাংশ। এছাড়া প্রকল্পের অধীনে গৃহ পয়োসংযোগ হবে ২৮ হাজার। বর্তমানে সংযোগ প্রদান করা হয়েছে ১২ হাজার গৃহে। সবমিলে স্যুয়ারেজের প্রথম প্রকল্পের এ পর্যন্ত ৬৯ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী ২০২৬ সালে প্রকল্প শেষ করার পরিকল্পনা রয়েছে ওয়াসার।

ওয়াসা সূত্র জানায়, দক্ষিণ কোরিয়ার ঠিকাদার সংস্থা তায়ং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এ প্রকল্পের কাজ করছে। একইসাথে চলছে গ্রাহক পর্যায়ে পয়োসংযোগ লাইন প্রদানের কাজও। প্রকল্প বাস্তবায়নের পর নগরীর ২০ লাখ মানুষ স্যুয়ারেজের আওতায় আসবে। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম ওয়াসার এটিই হচ্ছে প্রথম স্যুয়ারেজ প্রকল্প।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়