বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সিডিএফ- একাডেমি কাপে অংশগ্রহণকারী ৩০ ফুটবল একাডেমিকে বল বিতরণ করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বিপ্লব দে পার্থের পক্ষ থেকে এসব বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিপ্লব দে পার্থ বলেন, ফুটবলের হারানো জৌলুস ফিরিয়ে আনতে বাফুফে নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে সারাদেশে বয়সভিত্তিক ফুটবল লীগের আয়োজন করা হচ্ছে।
চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন অনুর্ধ ১৫ ফুটবল একাডেমি কাপের আয়োজন করেছে। আমরা তৃণমূল থেকে দক্ষ ও প্রতিভাবান ফুটবল খেলোয়াড় তুলে আনতে চাই। তৃণমূল থেকে ফুটবলার তুলতে হলে এ ধরণের টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশাকরি এভাবে হামজা, সোমের মতো খেলোয়াড় উঠে আসবে। আমরা একদিন বিশ্ব ফুটবলের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, সাধারণ আ ন ম ওয়াহিদ দুলাল, নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ জসীম উদ্দিন, সরওয়ার আলম মনি,হারুনুর রশিদ, মাহবুব আলম, আব সৈয়দ, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত পাবলু, সালাহউদ্দিন জাহেদ, মাদারবাড়ি শোভানীয়া ফুটবল একাডেমির সিনিয়র সহ সভাপতি ও সাবেক ফুটবলার দিদারুল আলম চৌধুরী, মোশাররফ হোসেন লিটন, নুর জাহেদ বাবলুসহ অন্যরা।
আগামী ২৫ ডিসেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে। ৩০ টি ফুটবল একাডেমি আটটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রথম ও দ্বিতীয় গ্রুপে তিনটি করে এবং অন্য গ্রুপগুলোতে চারটি করে টিম রয়েছে।


