প্রাইম ভিশন ডেস্ক »
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসনের মনোনয়ন ফরম তুলেছেন দলের নেতাকর্মীরা।
রবিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র গ্রহণ করেন।
রেজাউল করিম বাদশা সাংবাদিকদের জানান, বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থীতার জন্যই মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
তিনি বলেন, ‘২৫ ডিসেম্বর দেশে এলেও তারেক রহমানের পক্ষে হয়তো বগুড়ায় এসে মনোনয়ন ফরম জমা দেওয়া সম্ভব হবে না। তাঁর পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ মনোনয়ন ফরম জমা দিবেন। তবে দেশে এলে তিনি বগুড়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিএম সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।


