প্রাইম ভিশন ডেস্ক »
ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ লাটভিয়ায় নারীর তুলনায় পুরুষের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় দেশটিতে জনসংখ্যাভিত্তিক সংকট তৈরি হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে নারীর সংখ্যা পুরুষদের তুলনায় ১৫.৫% বেশি, যা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের তুলনায় গড়ে তিন গুণ বেশি। বিশেষ করে ৬৫ বছরের ঊর্ধ্বে প্রতি একজন পুরুষের বিপরীতে দুইজন নারী রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এর মূল কারণ পুরুষদের কম আয়ু, অতিরিক্ত ধূমপান, অসুস্থ খাদ্যাভ্যাস এবং সাবেক সোভিয়েত যুগের জীবনধারার প্রভাব।
এই পরিস্থিতিতে লাটভিয়ার নারীরা এক অভিনব সমাধান বেছে নিয়েছেন: ‘ঘণ্টায় স্বামী’ বা রেন্টেড হ্যান্ডিম্যান সেবা। কমান্ডা২৪ ও রেমন্টদারবি.এলভি মতো প্রতিষ্ঠানগুলো প্রথাগতভাবে পুরুষদের দায়িত্বে বিবেচিত ঘরোয়া কাজ যেমন পানির লাইন মেরামত, আসবাবপত্র ঠিক করা, ইলেকট্রনিক যন্ত্রপাতি সেটআপ করা, দেয়াল রং করা ইত্যাদির জন্য পুরুষ কর্মী পাঠাচ্ছে। এই সেবায় কোনো সম্পর্ক বা রোমান্টিক প্রত্যাশা নেই, কেবল কারিগরী সহায়তাই প্রদান করা হয়।
দেশটিতে একা থাকা নারীরা এই সেবার মাধ্যমে ঘরোয়া ঝক্কি সামলাচ্ছেন। ক্ষেত্রবিশেষে ঘণ্টার দামে ভাড়ার তারতম্য থাকে। বিষয়টি সামাজিকভাবে আলোচিত হলেও, প্রকৃতপক্ষে এটি লাটভিয়ার নারীদের দৈনন্দিন জীবনের একটি কার্যকরী সমাধান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বিশ্বজুড়ে অনুরূপ উদ্ভাবন লক্ষ্য করা যাচ্ছে; যুক্তরাজ্যে ‘রেন্ট মাই হ্যান্ডি হাজব্যান্ড’ নামের সেবা ইতিমধ্যেই জনপ্রিয়। লাটভিয়ায়ও এটি দেশটির পুরুষ সংকটের প্রতিক্রিয়ায় ঘরোয়া জীবনকে সহজ করার একটি বাস্তবধর্মী সমাধান হিসেবে বেছে নিয়েছে।


