রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামজেলা প্রশাসনের উদ্যোগ, সড়ক সেজেছে আলপনায়

জেলা প্রশাসনের উদ্যোগ, সড়ক সেজেছে আলপনায়

প্রাইম ভিশন ডেস্ক »

পহেলা বৈশাখের আগমনী বার্তা নিয়ে রঙে-রঙে সেজে উঠেছে বন্দরনগরী। সম্প্রীতি, ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে এক ব্যতিক্রমী আলপনা উৎসবের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

প্রায় দেড় কিলোমিটার সড়কজুড়ে আঁকা হয়েছে বাঙালির চিরচেনা লোকজ চিত্র। নগরের সার্কিট হাউস থেকে শুরু হয়ে লাভলেইন ও কাজীর দেউড়ি পেরিয়ে ঐতিহ্যবাহী ডিসি হিল পর্যন্ত বিস্তৃত এই আয়োজন একদিন আগেই উৎসবের আমেজ ছড়িয়ে দেয় নগরজুড়ে।

রোববার (১২ এপ্রিল) রাত ১১টায় এই আলপনা অঙ্কন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থী এবং শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে সড়ক পরিণত হয় এক বিশাল ক্যানভাসে। দলবদ্ধভাবে শিল্পীরা তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন লোকজ ঐতিহ্যের নান্দনিক রূপ।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা দেড় কিলোমিটারজুড়ে আলপনা করেছি, বিভিন্ন রঙে সড়ক রাঙানো হয়েছে।

আমরা আমাদের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মকেও সেভাবে রাঙিয়ে তুলতে চাই। উৎসবের সময় আমরা একতাবদ্ধ হই। এই আয়োজন সেই সম্প্রীতির প্রতীক। এই সাংস্কৃতিক মেলবন্ধন শুধু দেশের ভেতরেই নয়, বিশ্বদরবারেও বাংলাদেশের ঐতিহ্য ও গৌরব তুলে ধরার একটি অনন্য সুযোগ। নতুন প্রজন্ম যাতে এই ঐতিহ্য ধারণ করে, সে লক্ষ্যেই এমন আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন ও মো. সাইদুজ্জামান পাঠান।

পুলিশ কর্মকর্তা হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্রাইম, ডিবি, কাউন্টার টেরোরিজম ইউনিটসহ বিভিন্ন শাখা মাঠে থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়