প্রাইম ভিশন ডেস্ক »
দেশের ক্রিকেটে ‘ক্যাপ্টেনস কার্ড’নামের নতুন এক অধ্যায়ের সূচনা করলেন বিসিবি বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল। নানা সুযোগ-সুবিধা রেখে দেশের সাবেক অধিনায়কদের জন্য বিশেষ এই কার্ডের উদ্যোগ দিয়েছে বিসিবি। তবে বোর্ড সভাপতি তামিম জানালেন, আমন্ত্রণ পেয়েও সাকিব-মাশরাফিসহ বেশিরভাগ সাবেক অধিনায়কই অনুষ্ঠানে আসছেন না।
এই কার্ডের জন্য সাবেক অধিনায়কদের সঙ্গে যোগাযোগ করেছেন খোদ তামিমই। এমনকি অনেক নাটকের পর যে আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে সভাপতি হলেন তামিম, তাকেও দেওয়া হয়েছিল ফোন।
হেভিওয়েট সাবেকদের ফোন দেওয়ার ব্যাপারটি নিজেই জানালেন তামিম, ‘ক্যাপ্টেনস কার্ড আমন্ত্রণ করতে বুলবুল ভাইকে কল করেছিলাম কিন্তু উনার সঙ্গে কথা হয়নি। সাকিবকে কল করেছিলাম, কথা হয়েছে, বিদেশে থাকায় আসতে পারেনি। ম্যাশ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন। পাইলট ভাই, ফারুক ভাই ব্যস্ত থাকায় আসতে পারেননি।’
যারা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তাদের বাসায় ক্যাপ্টেনস কার্ড পৌঁছে দেওয়া হবে বলেই আশ্বস্ত করলেন তামিম, ‘দুর্জয় ভাইয়ের সঙ্গে কথা বলতে পারিনি। ভাবির সঙ্গে কথা হয়েছে । শুভকামনা জানিয়েছেন। এখানে যারা আছেন তারা কার্ড আজকেই নিতে পারছেন। যারা নেই তাদের বাড়িতে কার্ড পৌঁছে দেওয়া হবে। যারা দেশের বাইরে তারা যখন আসবেন তখন তাদের কাছে কার্ড পৌঁছে দেওয়া হবে।’
খেলা দেখতে হলে সাবেক অধিনায়করা আলাদা টিকিট পান। তবে সাধারণ দর্শকের মতো নয়, বিসিবি চাইছে এই কার্ডের মাধ্যমে তারা এখন থেকে সম্মান নিয়ে স্টেডিয়ামে আসুন। বাংলাদেশকে একটি ম্যাচেও যারা নেতৃত্ব দিয়েছেন তারাও এই সুবিধা পাবেন। শুধু এই সিরিজেই নয়, বিসিবির আয়োজনে যে কোনো খেলায়, বাংলাদেশের যে কোনো ভেন্যুতে এই সুবিধা থাকছে তাদের জন্য।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের হাতে হাতে একটি স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।’


