প্রাইম ভিশন ডেস্ক »
দীর্ঘদিন পর্দায় উপস্থিতি কমলেও নতুন পরিকল্পনা নিয়ে এবার সামনে এগোতে চান চিত্রনায়িকা অপু বিশ্বাস। জানালেন কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করার আগ্রহের কথা।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন অপু বিশ্বাস। সেখানে তিনি জানান, একজন শিল্পীর ক্যারিয়ারে পরিচালকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তার মতে, পরিচালকই একজন শিল্পীকে নির্বাচন করেন এবং সেই সিদ্ধান্তের মধ্য দিয়েই শিল্পীর পথচলা তৈরি হয়।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অপু বলেন, দেশের চলচ্চিত্রে তিনি ইতোমধ্যেই অনেক গুণী নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। এফ আই মানিক, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম এবং সোহানুর রহমান সোহানের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করে তার অনেক স্বপ্ন পূরণ হয়েছে।
তবে এখন নতুন করে কলকাতার সিনেমায় কাজ করতে চান এই অভিনেত্রী।
বিশেষ করে সৃজিত মুখার্জির নির্মাণশৈলী তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।
অপু বিশ্বাস বলেন, ‘সুযোগ, সময় এবং গল্পের প্রয়োজন হলে যদি কখনও সৃজিত মুখার্জি আমাকে ভাবেন বা প্রস্তাব দেন, তাহলে অবশ্যই সেই সুযোগ গ্রহণ করতে চাই।’
এদিকে বর্তমানে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। একটি ‘দুর্বার’ এবং অন্যটি ‘সিক্রেট’।


