প্রাইম ভিশন ডেস্ক »
শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার চুরি করেছে সাইবার অপরাধীরা। এটি এখন পর্যন্ত দেশটির কোনো সরকারি প্রতিষ্ঠানে হওয়া সবচেয়ে বড় সাইবার অর্থচুরি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় পাবলিক ডেট ম্যানেজমেন্ট অফিসের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ের সচিব হার্শানা সুরিয়াপেরুমা জানান, চুরি হওয়া অর্থটি অস্ট্রেলিয়ার কাছে ঋণ পরিশোধের জন্য পাঠানোর কথা ছিল। কিন্তু তদন্তে দেখা যায়, নির্ধারিত সেই অর্থ হঠাৎ করেই মন্ত্রণালয়ের হিসাব থেকে গায়েব হয়ে গেছে।
তিনি বলেন, প্রথমে মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়ে। পরে তদন্তে এই অর্থ চুরির ঘটনা নিশ্চিত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে ফৌজদারি তদন্ত চলছে। এ ঘটনায় বিদেশি আইনশৃঙ্খলা সংস্থার সহায়তাও চাওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার কূটনৈতিক প্রতিনিধিরা জানিয়েছেন তারা অর্থ লেনদেনে অনিয়মের বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং শ্রীলংকার কর্মকর্তাদের সঙ্গে তারা সহযোগিতা করছেন।
এই সাইবার চুরি শ্রীলংকার জন্য বড় ধাক্কা। দেশটি ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল। ঠিক এই সময়ে সামনে এল এই বড় চুরির ঘটনা। কেন্দ্রীয় ব্যাংক নাগরিকদের জানিয়েছে, আর্থিক ব্যবস্থাকে লক্ষ্য করে সাইবার হামলার ঝুঁকি ক্রমেই বাড়ছে, তাই সতর্ক থাকুন।


