প্রাইম ভিশন ডেস্ক »
আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে একযোগে এ ছুটি কার্যকর হবে। তবে শিক্ষার্থীরা কার্যত ২১ মে (বৃহস্পতিবার) ক্লাস শেষে দীর্ঘ বিরতিতে যাওয়ার সুযোগ পাচ্ছে। কারণ ২২ ও ২৩ মে শুক্র ও শনিবারের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ২৪ মে থেকে কার্যকর হবে। তবে এর আগে ২২ মে (শুক্রবার) ও ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস। ফলে ২২ মে থেকেই শুরু হবে শিক্ষার্থীদের ছুটির আমেজ।
কোন প্রতিষ্ঠান কবে খুলবে
ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানে পাঠদান পুনরায় শুরু হবে ৭ জুন (রোববার)।
এ হিসেবে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের বিরতি পাচ্ছে।
অন্যদিকে দেশের সব মাদ্রাসায়—আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে—ছুটি আরও দীর্ঘ হচ্ছে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। পরবর্তী ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন (রোববার) থেকে পুনরায় শ্রেণিকক্ষ খুলবে।
ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছে।
পরবর্তী বড় ছুটি কবে?
জুনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর পরবর্তী উল্লেখযোগ্য ছুটি শুরু হবে জুলাই মাসে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি থাকবে।
এছাড়া আগস্ট মাসে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সেপ্টেম্বর মাসেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।
উল্লেখ্য, প্রতিবছরই পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিশ্রাম ও পারিবারিক সময় কাটানোর সুযোগ দিতে শিক্ষাপঞ্জিতে দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়।


