প্রাইম ভিশন ডেস্ক »
পর্দার সে জমজমাট উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে আধুনিক মাল্টিপ্লেক্স পর্যন্ত। বরাবরের মতো এবারের ঈদুল আজহায়ও বেশ কয়েকটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছিল। তবে এখন পর্যন্ত পোস্টার, টিজার আর ট্রেলারের মাধ্যমে দেখা গেছে ছয়টি সিনেমার ঝলক। অ্যাকশন, থ্রিলার, স্পাই রোমাঞ্চ থেকে শুরু করে সাহিত্যের কাব্যিক ছোঁয়া—সব ধরনের স্বাদই এবার দর্শক পেতে যাচ্ছেন বড় পর্দায়
দুদণ্ড শান্তির খোঁজে ‘বনলতা সেন’
ঈদের সিনেমা মানেই যেখানে অ্যাকশন, নাচ-গান আর ধুমধাড়াক্কা আয়োজন, সেখানে একদম উল্টো স্রোতে হাঁটছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। ব্যস্ত আর ক্লান্ত শহরের দর্শকের জন্য তিনি নিয়ে আসছেন বনলতা সেন। নির্মাতা একে বলছেন, এ শহরের মানুষের জন্য দুদণ্ড শান্তির প্রতিশ্রুতি।
মাসুদ হাসান উজ্জ্বল তার প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’ দিয়েই নিজের এক ভিন্নধর্মী নির্মাণশৈলী ফুটিয়ে তুলেছিলেন। এবার তার দ্বিতীয় সিনেমা বনলতা সেনের টিজার ও ট্রেলারেও সে সৌন্দর্য আর কবিতার মতো আবহ দেখা গেছে। সিনেমায় সবচেয়ে বড় চমক হচ্ছে রুপালি পর্দায় বাংলার নির্জনতম কবি জীবনানন্দ দাশের উপস্থিতি। কবির নিঃসঙ্গতা, গ্লানি আর বেঁচে থাকার লড়াইকে সিনেমার পর্দায় বুনে দেয়া হয়েছে। এখানে কবি জীবনানন্দের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার এবং নাম ভূমিকায় অর্থাৎ বনলতা সেন চরিত্রে দেখা যাবে ‘আয়নাবাজি’খ্যাত মাসুমা রহমান নাবিলাকে। এছাড়া সোহেল মণ্ডল, গাজী রাকায়েতের মতো দক্ষ শিল্পীরা এ সিনেমার গল্পকে সমৃদ্ধ করেছেন। সিনেমার গল্প থেকে শুরু করে সম্পাদনা সবকিছুই একা হাতে সামলিয়েছেন নির্মাতা নিজে।
অপরাধজগতের একচ্ছত্র আধিপত্যের লড়াই ‘মালিক’
শান্তির আবহের ঠিক বিপরীতে দাঁড়িয়ে এক দুর্ধর্ষ অ্যাকশন থ্রিলারের গল্প বলবে সাইফ চন্দন পরিচালিত সিনেমা মালিক। সম্প্রতি মুক্তি পাওয়া এর ট্রেলার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভালোই কৌতূহল তৈরি করেছে।
গল্পটি মূলত এক জেদি যুবকের, যে তার মায়ের সম্মান আর অধিকার আদায়ের লড়াই করতে করতে একসময় জড়িয়ে পড়ে অন্ধকার দুনিয়ায়। একপর্যায়ে সে হয়ে ওঠে পুরো অপরাধজগতের একচ্ছত্র নিয়ন্ত্রক বা মালিক। নাম ভূমিকায় অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ট্রেলারে শুভর একটি সংলাপ এরই মধ্যে দর্শকের মুখে মুখে ঘুরছে, ‘আই অ্যাম নট ব্যাড বয়, আই অ্যাম সাইকো’। অন্যদিকে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে এবার দেখা যাবে একদম নতুন ‘লেডি সুপারস্টার’ অবতারে।
বইয়ের পাতা থেকে পর্দায় ‘মাসুদ রানা’
বাঙালি পাঠকের হৃদয়ে যে চরিত্র কয়েক দশক ধরে রোমাঞ্চের ঝড় তুলে আসছে, সেটি হলো সেবা প্রকাশনীর কালজয়ী স্পাই মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি এ চেনা চরিত্র অবশেষে বহু প্রতীক্ষার পর ঈদে রুপালি পর্দায় আসছে। সিনেমার প্রথম পোস্টারটি করা হয়েছে ঠিক সেবা প্রকাশনীর সে ক্ল্যাসিক বইয়ের প্রচ্ছদের আদলে, যা পাঠকদের মাঝে নস্টালজিয়া তৈরি করেছে। জাজ মাল্টিমিডিয়া ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় সৈকত নাসির পরিচালিত এ সিনেমার শুটিং প্রায় পাঁচ বছর আগেই শেষ হয়েছিল। তবে একটি গান ও কিছু দৃশ্যের বাকি থাকা কাজ সম্প্রতি শেষ করে সিনেমাটি সেন্সর ও মুক্তির জন্য প্রস্তুত করা হয়েছে। সিনেমাটিতে মাসুদ রানা হিসেবে বড় পর্দায় আসতে যাচ্ছেন তরুণ অভিনেতা রাসেল রানা।
নতুন চমকে শাকিব খানের ‘রকস্টার’
ঈদের সিনেমা আর সেখানে শাকিব খানের উপস্থিতি থাকবে না, তা তো হতেই পারে না। সব ধরনের আইনি ও টেকনিক্যাল জটিলতা কাটিয়ে অবশেষে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে প্রেক্ষাগৃহে মুক্তির সবুজসংকেত পেয়েছে শাকিব খানের বহু প্রতীক্ষিত সিনেমা রকস্টার। আজমান রুশো পরিচালিত এ সিনেমার টিজার আর গান আসার পরই শাকিব ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে। দর্শক এবার বড় পর্দায় একেবারেই ভিন্ন ঘরানার এক শাকিব খানকে দেখতে পাবেন। সান মোশন পিকচারসের ব্যানারে অঞ্জন চৌধুরী পিন্টুর প্রযোজনায় এ মিউজিক্যাল ও অ্যাকশন ঘরানার সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে একঝাঁক নতুন মুখ, যার মধ্যে আছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েক ও বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান।
অদ্ভুত ঘোরের গল্প ‘পিনিক’
বেশ কয়েকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর অবশেষে আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পিনিক’। জাহিদ জুয়েল পরিচালিত এ সিনেমায় ফের জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। সিনেমার গল্পে অ্যাকশন, রোমান্স আর মনস্তাত্ত্বিক সাসপেন্সের এক অদ্ভুত ঘোরের মিশ্রণ রয়েছে, যার কারণে প্রতিটি চরিত্রই এক মিষ্টি অবস্থার মধ্য দিয়ে যাবে। সবচেয়ে বড় চমক থাকছে শবনম বুবলীর চরিত্রে, যাকে এবার পর্দায় দেখা যাবে একদমই নতুন এক নেতিবাচক চরিত্রে। কক্সবাজার ও রামুর এমন কিছু মনোরম ও অপরিচিত লোকেশনে এর শুটিং করা হয়েছে, যা এর আগে বড় পর্দায় দর্শক কখনো দেখেনি।
জীবনসংগ্রামের গল্পে সুমনের ‘রইদ’
‘হাওয়া’খ্যাত গুণী নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা রইদ নিয়েও দর্শকের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ অভিনীত সিনেমাটি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হওয়ার পর এবার দেশের বড় পর্দায় মুক্তির জন্য প্রস্তুত। একজন সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রামের এক অন্য রকম মনস্তাত্ত্বিক গল্প নিয়ে তৈরি হয়েছে এ সিনেমার কাহিনী। এরই মধ্যে সিনেমার ট্রেলার ও ‘রইদে আইলা গা জুড়াইতে’, ‘মন ছাড়া কি’ ও ‘রহে না’ শিরোনামের গান তিনটি প্রকাশের পরই বিভিন্ন কনসার্ট ও প্রচারণায় বেশ সরব রয়েছে পুরো টিম। এই বিগ বাজেটের সিনেমাগুলো ছাড়াও ঈদে ‘নাকফুলের কাব্য’, ‘তছনছ’, ‘অফিসার’ এবং ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমাগুলো মুক্তির কথা শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কতগুলো সিনেমা প্রেক্ষাগৃহে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে পারবে, তা দেখার জন্যই এখন প্রহর গুনছেন দর্শকরা।


