সোমবার, জুন ১, ২০২৬
spot_img
Homeমুল পাতাকক্সবাজার সৈকতে নিখোঁজ ঢাকার তরুণের মরদেহ উদ্ধার

কক্সবাজার সৈকতে নিখোঁজ ঢাকার তরুণের মরদেহ উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ঢাকার তরুণ পর্যটক মো. আবিরের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সুগন্ধা পয়েন্টে সাগরের স্রোতে তলিয়ে যাওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার (১ জুন) ভোরে সৈকতের সমিতিপাড়া এলাকার নাজিরার টেক পয়েন্টে তার মরদেহ ভেসে ওঠে।

নিহত আবির রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানার শহীদনগর এলাকার বাসিন্দা ইলিয়াস মুন্সির ছেলে।

জানা গেছে, রোববার (৩১ মে) সকালে ঢাকার ৯ সদস্যের একটি বন্ধুদল কক্সবাজারে বেড়াতে আসে। তারা শহরের সি ল্যান্ড গেস্ট হাউসে ওঠেন। দুপুর সাড়ে ১২টার দিকে দলটি সুগন্ধা সৈকতে গোসল করতে নামে।

আবিরের বন্ধু ইমনের ভাষ্য, গোসলের একপর্যায়ে আবির একটি লাইফ টিউবে চড়ে সমুদ্রে ভাসছিলেন। হঠাৎ তিনি টিউব থেকে ছিটকে সাগরের পানিতে পড়ে যান। মুহূর্তেই প্রবল স্রোত তাকে গভীর সমুদ্রে টেনে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার পরপরই আবিরের বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের কারণে তারা ব্যর্থ হন। পরে উদ্ধারকারী সংস্থাগুলোও সন্ধান অভিযান চালায়।

সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মো. ওসমান বলেন, “নিখোঁজের পরপরই আমরা উদ্ধার তৎপরতা শুরু করি। কিন্তু তাকে পাওয়া যায়নি। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সমিতিপাড়ার নাজিরার টেক পয়েন্টের বালিয়াড়ির কাছে তার মরদেহ ভেসে আসে।”

পরে স্থানীয়দের খবরে সি সেইফ লাইফগার্ড কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়