প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহীদের নাম-পরিচয় জানা গেছে। নিহত দু’জন বাবা-ছেলে বলে জানিয়েছেন মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের।
মঙ্গলবার (২ জুন) সকাল ৮টায় কর্ণফুলী নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক বিধান মল্লিক (৪৭) এবং তার পিতা দুর্গাপদ মল্লিক (৭৫)।
তাদের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে নতুন ব্রিজ এলাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বিধান মল্লিক ও তার পিতা। পথে নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুর্গাপদ মল্লিক নিহত হন।
গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ও মোটরসাইকেল জব্দ করেছে। তবে ঘাতক পিকআপের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


