বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেএনসিটি ইজারা না দিতে প্রধানমন্ত্রীকে স্কপের স্মারকলিপি

এনসিটি ইজারা না দিতে প্রধানমন্ত্রীকে স্কপের স্মারকলিপি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রামের ব্যানারে জেলা পরিষদের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ‘আমার বন্দর, আমার মা, বিদেশিদের দেব না’, ‘ডিপি ওয়ার্ল্ড গো ব্যাক’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।পরে মিছিল সহকারে গিয়ে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয় স্মারকলিপি।
সমাবেশে শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম মত দেন, ‘চট্টগ্রাম বন্দর বর্তমানে দেশের অন্যতম লাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আয় করা এই প্রতিষ্ঠান পরিচালনায় দেশীয় জনবল যথেষ্ট দক্ষতা অর্জন করেছে। বিদেশি বিশেষজ্ঞ ছাড়াই বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা ধারাবাহিকভাবে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়ছেন।’
জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের স্পষ্ট বার্তা, ‘চট্টগ্রাম বন্দর শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি এবং জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় স্বার্থ রক্ষায় বন্দরের নিয়ন্ত্রণ দেশীয় ব্যবস্থাপনার অধীনেই রাখতে হবে।’
শ্রমিক নেতারা আরও জানান, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি কৌশলগত ঝুঁকি তৈরি হতে পারে।
তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বন্দরকে কেন্দ্র করে বিদেশি শক্তির প্রভাব বৃদ্ধি পেলে বাংলাদেশ আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যেও জড়িয়ে পড়তে পারে।
চট্টগ্রাম স্কপের যুগ্ম সমন্বয়কারী এস কে খোদা তোতনের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী ইফতেখার কামাল খানের পরিচালনায় এ সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
স্মারকলিপিতে চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি ও পিসিটিসহ গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ বন্ধ করে দেশীয় ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনার দাবি জানানো হয়।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়