প্রাইম ভিশন ডেস্ক »
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে এমবাপ্পে নয়, মেসিকে স্বাগত জানিয়ে রেখেছেন সাবেক জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। তার ধারণা, বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডটি বেশিদিন টিকে থাকার সম্ভাবনা খুবই কম। সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার সবচেয়ে কাছাকাছি আছেন লিওনেল মেসি। তার ঠিক পরই রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ক্লোসার চাওয়া আর্জেন্টাইন তারকার হাতে উঠুক তার রেকর্ডটি।
ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভাঙতে মেসির প্রয়োজন আর মাত্র ৪টি গোল। বিশ্বকাপে ২৬ ম্যাচে আর্জেন্টাইন অধিনায়কের নামের পাশে শোভা পাচ্ছে ১৩টি গোল। ক্লোসার গোলের রেকর্ড ভাঙার সুযোগ আছে এমবাপ্পের সামনেও। মাত্র দুইটি বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে এমবাপ্পে গোল করেছেন ১২টি। ক্লোসার রেকর্ড ভাঙতে ফরাসি অধিনায়কের প্রয়োজন ৫টি গোল। এছাড়া ব্রাজিলের নেইমার ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল সংখ্যা ৮টি করে।
ক্লোসার মনে হচ্ছে, রেকর্ডটি মেসির নিজের করে নেওয়ার সম্ভাবনাই বেশি। ৪৮ বছর বয়সী সাবেক এই জার্মান ফুটবলার সম্প্রতি দেশটির সংবাদমাধ্যমকে এ কথা জানান। একইসঙ্গে আর্জেন্টিনার এই ফুটবল জাদুকরের প্রতি মুগ্ধতার কথা জানিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার জন্য তাকে আগাম অভিনন্দনও জানিয়ে রাখেন।
জার্মান সংবাদমাধ্যমকে সাবেক এই স্ট্রাইকার বলেন, আমার ধারণা, এই বিশ্বকাপেই রেকর্ডটি ভেঙে যাবে। দল বেশি হওয়ায় ম্যাচও বেশি, গোল করার সুযোগও থাকে বেশি। আমার মনে হয়, এবার আর্জেন্টিনা ও ফ্রান্স অনেক দূর যাবে। এটা হলে দারুণ হবে, রেকর্ডটা একদিন ভাঙবেই। সেটা করার জন্য মেসিকে স্বাগতম। আমি মেসির বড় ভক্ত, বরাবরই।
আগামী ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে বিশ্বচ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। একইদিন রাত ১টায় সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। গ্রুপ পর্বের লাড়াইয়ে তাদের বাকি দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।


