প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হক।
বুধবার (১ জুলাই) চট্টগ্রাম চেম্বারে যুক্তরাষ্ট্রের দুই কনস্যুলার পল ফর্স্ট ও ডেভিড মো এর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
এসময় আমিরুল হক বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার।
বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজারও যুক্তরাষ্ট্র। তাই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার এখনই উপযুক্ত সময়।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে করিডোর, এক্সপ্রেসওয়ে, এমআরটি, বন্দর উন্নয়ন ও সংশ্লিষ্ট অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে। এসব খাতে মার্কিন বিনিয়োগ বাড়লে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে।
চেম্বার সভাপতি আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতাগুলো দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা প্রয়োজন। এতে আমদানি-রপ্তানির ভারসাম্য উন্নত হবে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
তিনি বলেন, বাংলাদেশ কারও কাছে ভিক্ষা চায় না। আমরা পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব চাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘উইন-উইন’ ভিত্তিতে কাজ করতে চাই, যেখানে উভয় দেশই সমানভাবে লাভবান হবে।


