Tuesday, July 14, 2026
spot_img
Homeএই মুহুর্তেআর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সেই বিতর্কিত রেফারি

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সেই বিতর্কিত রেফারি

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী বুধবার আটলান্টায় অনুষ্ঠিতব্য ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনালের রেফারি হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের ইসমাইল এলফাত। তাকে এই ম্যাচের দায়িত্ব দেওয়ার পরই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কাতার বিশ্বকাপের ফাইনালের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করা ৪৪ বছর বয়সী ইসমাইল এবারের বিশ্বকাপে বিতর্কিত কিছু সিদ্ধান্তের কারণে সমালোচিত হয়েছেন।

মরক্কোর কাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এবং পরবর্তীতে মার্কিন নাগরিকত্ব পাওয়া এলফাত এবারের বিশ্বকাপে মোট তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। প্রতিটি ম্যাচেই ছিল বিতর্কের ছোঁয়া। নেদারল্যান্ডস-জাপান এবং স্পেন-উরুগুয়ে ম্যাচে তার রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল স্প্যানিশ গণমাধ্যম। বিশেষ করে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে রদ্রিগো বেনটানকুরের মারাত্মক ট্যাকেলে ইনাকি উইলিয়ামস আহত হলেও তিনি হলুদ কার্ড দেখিয়েই দায়িত্ব শেষ করেন।

ব্রাজিল ও নরওয়ের মধ্যকার রাউন্ড অব সিক্সটিন ম্যাচেও তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। নরওয়ের ক্রিস্টোফার আয়েরের করা ফাউলটি শুরুতে তিনি এড়িয়ে গিয়েছিলেন, যা পরে ভিএআরের হস্তক্ষেপে পেনাল্টি হিসেবে গণ্য হয়। সেই ম্যাচে ব্রাজিলিয়ানদের সাথে তার বেশ কয়েকবার উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছিল, যা তার সক্ষমতা নিয়ে সংশয় বাড়িয়ে দিয়েছে। মাঠের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও লিওনেল মেসির জন্য এলফাত অপরিচিত নন। ২০২৩ সালের লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামির হয়ে মেসির শিরোপা জয়ের ম্যাচে তিনি ছিলেন রেফারি। এছাড়া টোকিও অলিম্পিকেও আর্জেন্টিনা দলের ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ফলে আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডের অনেক খেলোয়াড়ই তার সম্পর্কে ভালোভাবেই অবগত।

মরক্কোতে জন্ম নেওয়া এলফাত ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে ডিভারসিটি ভিসা কর্মসূচির মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পাওয়া এলফাত এখন ফিফার অন্যতম শীর্ষ রেফারি। কিন্তু ইংল্যান্ড ও আর্জেন্টিনার মতো ঐতিহাসিকভাবে উত্তপ্ত ম্যাচে তার নিরপেক্ষতা থাকবে বড় পরীক্ষার মুখে।

বুধবারের সেমিফাইনালে ইসমাইল এলফাতের সহকারী রেফারি হিসেবে থাকছেন কোরিয়ে পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি। এখন দেখার বিষয়, মাঠের উত্তাপ আর দুই দলের প্রবল লড়াইয়ের মাঝে এলফাত কতটা নির্ভুলভাবে ম্যাচ পরিচালনা করতে পারেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়