প্রাইম ভিশন ডেস্ক
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সর্বোচ্চ সাবস্ক্রাইবার সমৃদ্ধ ইউটিউবার মিস্টারবিস্ট। তার প্রতিটি ভিডিও ইউটিউবে কোটি কোটি মানুষ দেখেন। তবে এবার কোনো ভিডিওর জন্য নয়, বরং নিজের জীবনের সবচেয়ে বড় সুখবরটি নিয়ে ইন্টারনেটে ঝড় তুললেন এই মার্কিন তারকা।
অবশেষে ব্যাচেলর জীবনের ইতি টেনে বিয়ের করলেন ২৮ বছর বয়সী এই ইউটিউবার! সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি প্রকাশ করে বিশ্বজুড়ে থাকা কোটি কোটি ভক্তকে এই সারপ্রাইজ দিয়েছেন তিনি।
মিস্টারবিস্টের আসল নাম জেমস ডোনাল্ডসন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের বেশ কয়েকটি নান্দনিক ছবি পোস্ট করেছেন তিনি।
ছবিতে তাকে একটি চোখধাঁধানো সাদা ব্লেজার ও কালো প্যান্টে দেখা গেছে, যার বুক পকেটে ছিল মানানসই সাদা গোলাপ। আর তার নতুন বউ থিয়া বোয়সেনকে দেখা গেছে একটি অসাধারণ রূপালি-সাদা ওয়েডিং গাউনে।
ছবিগুলোর ক্যাপশনে উচ্ছ্বসিত মিস্টারবিস্ট লিখেছেন, ‘আমি আমার মিসেসবিস্টকে খুঁজে পেয়েছি! এটা সত্যি আমার জীবনের সেরা একটি দিন।’ বিয়ের পর পরই তার স্ত্রী থিয়া সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পেছনে ‘ডোনাল্ডসন’ পদবী যুক্ত করে নিয়েছেন।
ছবি দেখে বোঝা যাচ্ছে কোনো এক ক্রান্তীয় সমুদ্র সৈকতের চোখজুড়ানো পরিবেশে পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে এই বিয়ের আয়োজন করা হয়েছিল।
মিস্টারবিস্ট ও থিয়ার প্রেমের গল্পের শুরুটা হয়েছিল ২০২২ সালে, এক বন্ধুর ডিনার পার্টিতে। প্রথম দেখাতেই প্রেম! এরপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০২৪ সালের বড়দিনে থিয়াকে একটি বিশাল হীরার আংটি উপহার দিয়ে বিয়ের প্রস্তাব দেন মিস্টারবিস্ট।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মিস্টারবিস্টের ভক্ত ও সহকর্মী ইউটিউবাররা শুভকামনা ও ভালোবাসায় ভাসিয়ে দিচ্ছেন এই নবদম্পতিকে।


