Homeমুল পাতাচবি উপাচার্যের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ

চবি উপাচার্যের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রাইম ভিশন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বেলা ১১টায় উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতিনিধিদল।

এসময় উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন,  উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এবং বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের পরিচালক ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

সাক্ষাৎকালে তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃদ্ধি এবং উচ্চ শিক্ষা বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইরাসমুস কর্মসূচির আওতায় বৃত্তি ও যৌথ মাস্টার্স প্রোগ্রাম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, জ্যঁ মোনে কার্যক্রম এবং ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ক্রেডিট ট্রান্সফার নিয়ে সহযোগিতার সম্ভাবনা আলোচিত হয়। উপাচার্য বিশ্ববিদ্যালয়কে শূন্য-নিঃসরণ ক্যাম্পাসে রূপান্তরে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে ইইউ-এর সহায়তা কামনা করেন। সফর বাস্তবায়নে ভূমিকা রাখায় তিনি ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী তানজিনা দিলশাদ ও তাঁর বোন, ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তাসনিমা দিলশাদকে ধন্যবাদ জানান।

আগত অতিথিরা দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন এবং বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের (আইএফইএসসিইউ) আয়োজনে অনুষ্ঠিত হয় “European Union Interventions on Energy, Environment and Climate Change in Bangladesh” শীর্ষক সেমিনার অংশগ্রহণ করেন।

প্রতিনিধিদলে ছিলেন ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বিভাগের টিম লিডার এডউইন কুকুক এবং এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি বিভাগের প্রোগ্রাম ম্যানেজার তানজিনা দিলশাদ।

আগত অতিথিরা বাসযোগে ক্যাম্পাসের বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউট এবং আইএফইএসসিইউ-এর গবেষণাগার, নার্সারি ও শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। পরিদর্শন পরিচালনা করে ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১৪ সদস্যের স্বেচ্ছাসেবক দল।

বিকেলের সেমিনারে স্বাগত বক্তব্য দেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। সহকারী অধ্যাপক ড. সোহাগ মিয়া ইনস্টিটিউটের পরিচিতি তুলে ধরেন। প্রধান বক্তা এডউইন কুকুক জ্বালানি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কার্বন ট্রেডিং, সার্কুলার ইকোনমি, প্যারিস চুক্তি এবং ইরাসমুস মুন্ডাস বৃত্তির সুযোগ নিয়ে আলোচনা করেন। তানজিনা দিলশাদ নবায়নযোগ্য জ্বালানি খাতে ইইউর কার্যক্রম ও “শক্তিকন্যা” লিডারশিপ প্রোগ্রাম উপস্থাপন করেন। উন্মুক্ত আলোচনা শেষে সমাপনী বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী রায়ান তানজিম ও সুমাইয়া জাহান সূচী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়