প্রাইম ভিশন ডেস্ক
অতীতের ঘটনাগুলোর জন্য জাতির কাছে অনুশোচনা বা দুঃখ প্রকাশ না করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা উচিত নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, শুধু রাজনৈতিক সমীকরণ বা দল ভারী করার জন্য দলটিকে রাজনীতিতে ফিরিয়ে আনা অন্যায় এবং জঘন্য অপরাধ হবে।
আজ শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান জানান, তার মতে এখনই দলটির রাজনীতিতে ফেরার সময় নয়। আওয়ামী লীগ দেশের রাজনীতিকে ধ্বংস করেছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং অসংখ্য মানুষ গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু এসব ঘটনার জন্য দলটির পক্ষ থেকে এখনো কোনো অনুশোচনা প্রকাশ করা হয়নি।
তিনি আরও জানান, যে দল অসংখ্য মানুষকে গুম ও হত্যা করেছে, বহু মানুষকে পঙ্গু করেছে এবং একটি পুরো প্রজন্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের মধ্যে অনুতাপের কোনো লক্ষণ দেখা যায়নি। তাই শুধু রাজনৈতিক সুবিধার জন্য তাদের রাজনীতিতে ফিরিয়ে আনা সমর্থনযোগ্য নয়।
সরকারের দায়িত্ব প্রসঙ্গে জামায়াতের আমির বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা সরকারের দায়িত্ব। সরকার যত দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করবে, দেশ তত সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।’
তিনি জানান, সংসদে যেখানে সহযোগিতা প্রয়োজন সেখানে তারা সহযোগিতা করছেন, আর যেখানে প্রয়োজন সেখানে গঠনমূলক বিরোধিতা করছেন।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বললেন, এ বিষয়ে এখনো দুই পক্ষের অবস্থান ভিন্ন। দেশের ৭০ শতাংশ মানুষের রায়কে সম্মান করতে হবে এবং কোনো অবস্থাতেই সেই রায়কে অবমূল্যায়ন করতে দেওয়া হবে না।
সংসদে বিরোধীদলের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেলেন, ‘অতীতে সংসদে সংঘর্ষ, ফাইল ছোড়াছুড়ি ও অশালীন আচরণের ঘটনা ঘটেছে। তারা এমন সংসদ চান না। বরং একটি সভ্য, শালীন ও মর্যাদাপূর্ণ সংসদ গড়ে তুলতে চান। প্রথম দিন থেকেই বিরোধীদল হিসেবে তাদের ভূমিকা গঠনমূলক ছিল এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কোনো উসকানিতেই তারা সেই অবস্থান থেকে সরে আসবেন না।’
বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বাগেরহাটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত রোকন সম্মেলনে যোগ দেন। পরে ষাট গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কর্মসূচি রয়েছে।


