প্রাইম ভিশন ডেস্ক
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) সকাল সোয়া ১০টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনসহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।প্রকাশিত ফলাফলে দেখা গেছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬ হাজার ৯ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন।
আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ পরীক্ষার্থী।
গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ পরীক্ষার্থী। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ১৯ হাজার ৯ জন।
ফলাফল জানা যাবে যেভাবে
স্ব স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।
বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনলাইনের মাধ্যমে পাওয়া ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো।
পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে।


