স্মরণ অনুষ্ঠানে চবি উপাচার্য
চাটগাঁইয়া গানের কিংবদন্তি আবদুল গফুর হালীর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান আজ ১২ আগস্ট, বুধবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল হলে অনুষ্ঠিত হয়। আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের ভাইস চেয়ারম্যান ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। গানে-কথায় জমজমাট অনুষ্ঠানটি দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক, ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের ফেলো ড. সেলিম জাহাঙ্গীর, কবি ও কথাসাহিত্যিক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের সেক্রেটারি সাংবাদিক নাসির উদ্দিন হয়দার।
প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আবদুল গফুর হালী চাটগাঁইয়া গানে বাঁকবদল ঘটিয়েছেন। তিনি চট্টগ্রামের আঞ্চলিক ও মাইজভাণ্ডারী গানের নবযুগের স্রষ্টা। তাকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা হোক।’
কবি বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘আবদুল গফুর হালী ছিলেন মাটির মানুষ। তার মতো কালজয়ী শিল্পীর যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।’
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চট্টগ্রামের আঞ্চলিক ও মাইজভাণ্ডারী গানের রানি, শিল্পী কল্যাণী ঘোষ, খ্যাতিমান সংগীতজ্ঞ আব্দুল মান্নান কাওয়াল, গীতা আচার্য, জিয়াউদ্দিন বাদশা, আলাউদ্দিন কাওয়াল, নয়ন শীল ও জাবেদ হালী।


