Homeএই মুহুর্তেআসকার দিঘির পাড়ে অনুমোদনহীন ভবন ভাঙলো সিডিত্র

আসকার দিঘির পাড়ে অনুমোদনহীন ভবন ভাঙলো সিডিত্র

প্রাইম ভিশন ডেস্ক

ভবনের অনুমোদন না থাকা এবং ঐতিহ্যবাহী আসকার দিঘির পাড়ের জায়গা দখল করে নির্মাণকাজ করায় একটি ভবনের বিভিন্ন অংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিডিএ’র অভিযানে ভবনটি ভেঙে দেওয়া হয়। অভিযানে সিডিএ’র অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিডিএ সূত্রে জানা গেছে, আসকার দিঘির পাড়ে নির্মাণাধীন ভবনটির নির্মাণকাজ শুরু হওয়ার পরই কর্তৃপক্ষের নজরে আসে।

ভবনটির নির্মাণকাজ বন্ধের জন্য মালিকপক্ষকে একাধিকবার নোটিশ দেওয়া হয়। তবে নোটিশের পরও নির্মাণকাজ চলমান থাকায় বুধবার অভিযান পরিচালনা করা হয়।
সিডিএ’র অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, আসকার দিঘির পাড়ে অননুমোদিতভাবে এই ভবনটি নির্মাণ করা হচ্ছিল। একতলার ছাদ দেওয়ার সময়ই বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়।

তখন তাদের নোটিশ দেওয়া হয়। একাধিকবার নোটিশ দেওয়ার পরও নির্মাণকাজ চলমান রাখায় অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, পুরো ভবনটাই অবৈধ। এখানে কোনো ধরনের অনুমোদন তারা নেয়নি। আসকার দিঘি আমাদের ঐতিহ্যবাহী এলাকা। মাস্টারপ্ল্যান অনুযায়ী এটি সংরক্ষণ করতে হবে। এখানে কোনো প্ল্যান দেওয়ার সুযোগ নেই। তাই অননুমোদিতভাবে নির্মাণ করায় অভিযান চালানো হয়েছে।

তানজিব হোসেন আরও বলেন, সিডিএ’র সক্ষমতা অনুযায়ী ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হবে। পরবর্তী সময়ে জরিমানা, সিলগালা কিংবা অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন।

এর আগে নগরের লালদিঘির পাড়ে একটি অনুমোদিত বাণিজ্যিক ভবনে অনুমোদনের বাইরে নির্মিত অংশের বিরুদ্ধেও অভিযান চালায় সিডিএ। ভবনটির অনুমোদন ছিল আটতলা পর্যন্ত। তবে সেখানে রাস্তার জায়গা ও নির্ধারিত সেটব্যাক না রাখায় অতিরিক্ত অংশটি ভেঙে দেওয়া হয় এবং ভবন মালিককে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নিজ উদ্যোগে ওই অংশ ভেঙে ফেলতে ১৫ দিনের সময় দেওয়া হয়।

নগরে অনুমোদনহীন ও বিধিবহির্ভূত ভবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বর্তমানে সিডিএ’র অথরাইজেশন-২ শাখার আওতায় প্রায় ১৫০টি ভবন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪০ থেকে ৫০টি ভবনের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়