শীর্ষস্থানীয় তিন শিল্পগ্রুপের তিনজনকে দেশের তিনটি গুরুত্বপূর্ণ ফেডারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাও আবার চট্টগ্রামের। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি করা হয়েছে পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেনকে।
কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমানকে করা হয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি।
আবুল খায়ের গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী বাবলুকে মনোনীত করা হয়েছে বাংলাদেশ কাবাডি ফেডাশেনের সহ-সভাপতি, এর আগেও তিনি একই পদে ছিলেন। কাবাডি ফেডারেশনের সভাপতি হলেন বাংলাদেশ নৌ বাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সরকারের শীর্ষ পর্যায়ের পরামর্শে নামকরা শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের ক্রীড়া উন্নয়নে ভূমিকা রাখার জন্য এই প্রথমবার দায়িত্ব দেওয়া হলো।
সরকারের ধারণা, এসব শিল্পোদ্যোক্তার সৃজনশীল ধারণা বাস্তবায়ন করতে পারলে সম্ভাবনাময় তিন ইভেন্ট- ব্যাডমিন্টন, কাবাডি ও সাইক্লিংয়ে উন্নতি করা সম্ভব।
ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী জানালেন, ‘সরকার সত্যিকার অর্থে বড় কর্পোরেট হাউজের সঙ্গে খেলাধুলার একটা যোগসূত্র ঘটাতে চায়। হাউজগুলোর মালিকদের সৃজনশীল মেধা ও আর্থিক সক্ষমতা দিয়ে দেশের খেলাধুলার মান উন্নয়নে কাজে লাগানো ও একই সঙ্গে তাদেরকে সম্মানিত করতে এই বিশেষ উদ্যোগ। আশা করি ভবিষ্যতে এর সুফল পাবে ক্রীড়াঙ্গন।’


