Homeমুল পাতাপটেটো চিপস খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?

পটেটো চিপস খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?

প্রাইম ভিশন ডেস্ক

আলুর চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই দেখলে নিশ্চয়ই জিভে জল চলে আসে? তাহলে এখনই সাবধান হোন। চিপস বা ফ্রেঞ্চ ফ্রাইজাতীয় খাবার মুখে তোলার আগে একটু ভাবুন।

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, আলুর চিপস মানুষের শরীরে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। অবশ্য এ কারণে আলু খাওয়াই বাদ দিতে হবে, এমন কোনো কিছু নয়। চিপস স্বাস্থ্যের জন্য ভালো না হলেও আলু সেঁকে, সিদ্ধ করে কিংবা ভর্তা করে খাওয়া যেতে পারে। তাতে স্বাস্থ্যঝুঁকি নেই।

ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত ওই গবেষণা অনুযায়ী, সপ্তাহে তিনবার ফ্রেঞ্চ ফ্রাই খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ২০ শতাংশ বাড়ে, আর সপ্তাহে পাঁচবার খেলে এই ঝুঁকি বেড়ে যায় ২৭ শতাংশ পর্যন্ত।

বিশ্বব্যাপী চাল ও গমের পর তৃতীয় সর্বাধিক খাওয়া খাদ্যশস্য হলো আলু। যুক্তরাজ্যে প্রতি ১০ জন ডায়াবেটিস রোগীর মধ্যে ৯ জনই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। এর সঙ্গে দেশটির জীবনযাপনের ধরন, বিশেষ করে খাদ্যাভ্যাস ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গবেষণায় দেখা গেছে, আলু শরীরের জন্য ক্ষতিকর নয়, তবে আলুকে ভেজে চিপস তৈরি করে তা প্রতিনিয়ত খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সাইয়েদ মোহাম্মদ মুসাভির নেতৃত্বে পরিচালিত এক আন্তর্জাতিক গবেষকদল আলু খাওয়ার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির সম্পর্ক পরীক্ষা করেছেন।

এই গবেষণায় ১৯৮৪ থেকে ২০২১ সালের মধ্যে প্রতি চার বছর অন্তর যুক্তরাষ্ট্রের ২ লাখ ৫ হাজার স্বাস্থ্যকর্মীর পূরণ করা খাদ্যসংক্রান্ত প্রশ্নাবলি বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, সপ্তাহে তিনবার আলু বেক করে (সেঁকে), সিদ্ধ কিংবা ভর্তা করে খেলে যেখানে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৫ শতাংশ, সেখানে আলুর চিপস খেলে ঝুঁকি ২০ শতাংশ বেড়ে যায়।

গবেষকরা দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, আলু উচ্চ শর্করা জাতীয় খাবার, এ কারণে এটি খেলে গ্লাইসেমিক ইনডেক্স ও লোড বেশি হয়। সেই সঙ্গে রান্নার বিভিন্ন পদ্ধতিতে পুষ্টি উপাদানের ক্ষয় ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি একসঙ্গে একটি বিরূপ প্রভাব ফেলতে পারে।

তবে এ বিষয়ে যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি এবং ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়