প্রাইম ভিশন ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে এক শিক্ষার্থীর।
নিহত শিক্ষার্থীর নাম আরিফুল ইসলাম। তিনি প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মমতাজ রেশেদা চৌধুরী জানান, একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান ১০০ দিনে ১ হাজার কিলোমিটার দৌড়ের চ্যালেঞ্জ নিয়েছিলেন। তাকে নিয়ে করা একটি ব্যানার লাগানোর জন্য হলের গেটের ওপর উঠেছিলেন আরিফুল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান।
চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব জানিয়েছেন, প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আনা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে চবি ক্যাম্পাসে আনা হলে সহপাঠীদের মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। আজ বুধবার সকালে আরিফুলের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।


