প্রাইম ভিশন ডেস্ক
হাটহাজারীর সড়কগুলোকে আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব করতে একাধিক উদ্যোগ নিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
এর মধ্যে হাটহাজারী থেকে নাজিরহাট পর্যন্ত বাজার এলাকার সড়ক ডিভাইডারসহ চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি চারিয়া বোর্ড স্কুল এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজও চলছে।
হাটহাজারী থেকে নাজিরহাট অংশের বাজার এলাকাগুলোতে ডিভাইডারসহ চার লেনের সড়ক নির্মাণের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।
পিএমপি মেজর কর্মসূচির আওতায় এ প্রকল্পের কাজ চলমান রয়েছে। জানা গেছে, সম্প্রতি চারিয়া বোর্ড স্কুল এলাকায় সড়ক দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সংশ্লিষ্ট প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আন্দোলনকারী ও এলাকাবাসীর প্রতিনিধিরা।
এ সময় সবার সঙ্গে আলোচনা করে ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে এ বিষয়ে কাজ চলমান রয়েছে।
এছাড়া হাটহাজারী জংশনের সামগ্রিক উন্নয়নের জন্যও প্রকল্প প্রণয়নের কাজ এগিয়ে চলছে। জংশনটির যান চলাচল ও সড়ক ব্যবস্থাপনা আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, দুর্ঘটনা কখনোই কাম্য নয়। একটি দুর্ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্যই বেদনার কারণ হয়ে দাঁড়ায়। তাই হাটহাজারীর মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক উন্নয়ন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় তদারকি অব্যাহত থাকবে। মানুষের জীবন ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।


