প্রাইম ভিশন ডেস্ক »
গত ৪৮ ঘণ্টায় ১৪টি কর্মসূচিতে অংশ নিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মসূচিতে অংশ নিতে সড়কপথে মোট ৪৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি।
কর্মসূচির শুরুতে ২২ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ে উপস্থিত হন মীর হেলাল। দুপুর ১২টা পর্যন্ত তিনি দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।
এরপর হাটহাজারীর কাটিরহাট বাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন তিনি।
এরপর মাটিরাঙ্গা উপজেলায় একটি মসজিদের ভবন উদ্বোধন এবং খাগড়াছড়িতে নবনির্মিত একটি ব্রিজ উদ্বোধন করেন।
পরে খাগড়াছড়ি জেলা পরিষদের নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এরপর খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত বিশেষ সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।
পরবর্তী কর্মসূচিতে শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং মহিলাদের সেলাই মেশিন বিতরণ করেন তিনি। এরপর খাগড়াছড়ি সদরের গিরিপুরে ‘গিরিপুর শিশুসদন ছাত্রাবাস’ উদ্বোধন করেন।
এরপর ২ নম্বর কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি মুখ খালের ওপর গার্ডার ব্রিজ উদ্বোধন করেন মীর হেলাল। পরে দীঘিনালা এলাকায় একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
পরবর্তী কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্মিত ‘কংলাক পাহাড়ে ওঠার নবনির্মিত সিঁড়ি’ উদ্বোধন করেন তিনি। এরপর সোলার প্রযুক্তির মাধ্যমে গৃহস্থালিতে পানি সরবরাহ ও কৃষি সেচ সুবিধা বৃদ্ধি প্রকল্পের উদ্বোধন করেন।
সবশেষে রাঙামাটির বনরূপায় ‘রাঙামাটি জেলা আধুনিক তথ্য কমপ্লেক্স’ উদ্বোধন এবং চট্টগ্রামের বায়েজিদ থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিলে অংশ নেন প্রতিমন্ত্রী।
এই ১৪টি কর্মসূচির মধ্যে বিভিন্ন পর্যায়ে সড়কপথে যাতায়াতের দূরত্ব বাড়তে বাড়তে শেষ কর্মসূচিতে মোট ৪৬০ কিলোমিটারে পৌঁছায়। গত ৪৮ ঘণ্টায় ১৪টি কর্মসূচি এবং ৪৬০ কিলোমিটার সড়কপথে যাতায়াতের মাধ্যমে ব্যস্ত সময় কাটান মীর হেলাল।


