Homeমুল পাতাআইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে নবীন আইনজীবীরা: মীর হেলাল

আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে নবীন আইনজীবীরা: মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক

আইন পেশাকে সাধারণ জীবিকা নয়, অত্যন্ত মহৎ ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে উল্লেখ করে নবীন আইনজীবীদের পেশাগত নীতি-নৈতিকতা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

তিনি বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজের অসহায়, নিপীড়িত ও সাধারণ মানুষের আইনি অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করাই আইনজীবীদের অন্যতম দায়িত্ব।

নিজেদের দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তুলে দেশের বিচারব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী অডিটোরিয়ামে নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, আইন পেশা কেবল কোনো সাধারণ জীবিকা নয়, এটি অত্যন্ত মহৎ ও মর্যাদাপূর্ণ একটি পেশা। নবীন আইনজীবীদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আইন পেশার এই উচ্চ মর্যাদা এবং পেশাগত নীতি-নৈতিকতা সবসময় সমুন্নত রাখবেন।

তিনি আরও বলেন, আইনজীবীদের জন্য সুন্দর ও সুশৃঙ্খল কর্মপরিবেশ জরুরি। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নবীন আইনজীবীদের চেম্বার সংকটের যে বিষয়টি তুলে ধরেছেন, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

চেম্বার সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে ও সমিতির পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের এমপি এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের এমপি মোহাম্মদ আবু সুফিয়ান এবং বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য ও সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়