প্রাইম ভিশন ডেস্ক »
ভালোবাসার টানে ঘর ছাড়ার ঘটনা অহরহ ঘটলেও প্রেমের সম্পর্কে ভিনদেশি ছেলেকে বিয়ে করে দেশ ছাড়ার ঘটনা এ যুগে বিরল।
প্রেমের টানে সুদূর মরিশাস থেকে ফরিদপুরের নগরকান্দায় ছুটে এসেছেন বিবি সোহেলা নামে এক তরুণী। স্বামী মোস্তাকিন ফকির ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউপির রাধানগর গ্রামের কৃষক খবির ফকিরের ছেলে।
গত শনিবার সকালে মরিশাস থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসেন বিবি সোহেলা। পরে মোস্তাকিন তাকে তার গ্রামের বাড়ি ফরিদপুরে নিয়ে আসেন। বিদেশি বধূ আসার খবরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নববধূকে দেখতে মোস্তাকিনের বাড়িতে ভিড় জমান উৎসুক জনতা।
জানা যায়, মরিশাসের রাজধানী পোর্ট লুইস শহরের এক মুসলিম পরিবারে জন্ম সোহেলার। সেখানকার একটি ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। আর সেখান থেকেই পরিচয় হয় বাংলাদেশি তরুণ মোস্তাকিনের সঙ্গে। ভিনদেশি বধূ ঘরে আসায় খুশির আমেজ বিরাজ করছে মোস্তাকিনের পরিবারের মধ্যে।
মোস্তাকিনের বাবা খবির ফকির বলেন, তাদের সম্পর্ক ও বিয়ের ব্যাপারে তার ছেলে তাদেরকে আগেই জানিয়ে ছিলেন। পরে তারা পরিবারের সদস্যরা মিলে বিমানবন্দরে গিয়ে পুত্রবধূ সোহেলাকে গ্রহণ করেছেন।
মোস্তাকিন ফকির বলেন, গত সাড়ে তিন বছর আগে তাদের প্রথম পরিচয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে ওই দেশের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে রাজমিস্ত্রির কাজ করতেন। টানা দুই বছর প্রেমের সম্পর্কের একপর্যায়ে পারিবারিকভাবে বিয়ে করেছেন তারা। স্ত্রী এক মাসের জন্য বাংলাদেশে বেড়াতে এসেছেন।
নগরকান্দা উপজেলার রামনগর ইউপি চেয়ারম্যান মো. কাইমুদ্দিন মণ্ডল বলেন, বিদেশি ওই বধূকে দেখতে মোস্তাকিনের বাড়িতে এলাকাবাসী জড়ো হচ্ছে।


